ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

এআই (AI) ডাটা সেন্টারের মহাতাপ: অফুরন্ত বিদ্যুৎ শক্তির উৎস!

ড. মোহাম্মদ আমীনডেস্ক
প্রকাশিত: ১২:০১, ১০ নভেম্বর ২০২৬
এআই (AI) ডাটা সেন্টারের মহাতাপ: অফুরন্ত বিদ্যুৎ শক্তির উৎস!
ডাটা সেন্টারের এই বিপুল তাপকে শুধু একটি ‘সমস্যা’ হিসেবে না দেখে একে ‘শক্তির উৎস’ বিবেচনা করা এবং এআই প্রযুক্তির মাধ্যমে তা বিদ্যুতে রূপান্তর করা হবে আধুনিক বিজ্ঞানের অন্যতম সেরা পদক্ষেপ।

বিজ্ঞানীরা বলছেন, ‘‘এআই (AI) প্রযুক্তির ডাটা সেন্টার প্রতিদিন ২৩টি হিরোশিমা পারমাণবিক বোমার সমপরিমাণ তাপ ছড়াবে। যা বিশ্বকে অগ্নিকুণ্ডে পরিণত করে দিতে পারে।” তবে এআই-ডাটা সেন্টারের এই মহাতাপ বিশ্বের জন্য একটি মহাসুখবর। তাপ অতি প্রয়োজনীয় একটি শক্তি। শক্তির অভাবে বিশ্বের মানুষ বিশ্বব্যাপী অনেক সমস্যায় নিপতিত। 

বাংলাদেশের মতো উন্নয়নশীর দেশসমূহের অবস্থা অত্যন্ত নাজুক। এ অবস্থায় এআই (AI) ডাটা সেন্টার উৎপাদিত বিপুল পরিমাণ তাপ-শক্তি ব্যবহার করে উৎপাদন করা যাবে বিদ্যুৎ— সর্ব-ব্যবহার্য জ্বালানি। ফলে, বিশ্বে বিদ্যুতের অভাব বহুলাংশে কমে যাবে। বাংলাদেশেও সরবরাহ করা যাবে এ বিদ্যুৎ। 

এআই কৌশল প্রয়োগ করে এআই ডাটা সেন্টারের বিপুল তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার উদ্যোগ নিলে সফল হওয়ার সম্ভাবনা ৯৭ ভাগ। এআই (AI) ডাটা সেন্টারে উৎপাদিত বিপুল তাপ-শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার ধারণাটি হবে শক্তির সংকট মোকাবেলায় অত্যন্ত সম্ভাবনাময় এবং বৈপ্লবিক পদক্ষেপ। নিচে এর সপক্ষে কিছু যুক্তি এবং প্রায়োগিক উদাহরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হলো:

প্রথাগতভাবে ডাটা সেন্টারগুলো সার্ভার ঠান্ডা রাখার জন্য প্রচুর বিদ্যুৎ খরচ করে এবং উৎপাদিত তাপকে পরিবেশে ছেড়ে দেয়। একে থার্মাল পলিউশন বা তাপীয় দূষণ বলা হয়। কিন্তু আধুনিক থার্মাল হারভেস্টিং প্রযুক্তির মাধ্যমে অপচয় হওয়া এই তাপকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা সম্ভব। এর ফলে যা আগে পরিবেশের ক্ষতি করছিল, তা বিদ্যুৎ উৎপাদনের মূল উৎসে পরিণত হবে। যদ্দ্বারা তাপীয় অপচয়কে সম্পদে রূপান্তর করা যাবে।  

বিজ্ঞানীরা বর্তমানে এমন থার্মো-ইলেকট্রিক ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করছেন যা তাপমাত্রার পার্থক্যকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করতে পারে। ওপরে যে ৯৭ ভাগ সফলতার সম্ভাবনার কথা বলা হয়েছে, তা অর্জনে এআই নিজে একটি বিরাট ভূমিকা রাখবে। 

এআই অ্যালগরিদম রিয়েল-টাইমে ডাটা সেন্টারের তাপ প্রবাহ পর্যবেক্ষণ করতে পারে এবং থার্মো-ইলেকট্রিক জেনারেটরের কার্যক্ষমতা সর্বোচ্চ স্তরে ধরে রাখার জন্য কুলিং-সিস্টেম ও তাপ-রূপান্তর প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে।

বিশ্ব এখন জীবাশ্ম জ্বালানি তথা কয়লা, তেল, গ্যাস প্রভৃতি থেকে সরে এসে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে। ডাটা সেন্টারের তাপ থেকে উৎপাদিত বিদ্যুৎ হবে সম্পূর্ণ কার্বন-মুক্ত এবং পরিবেশবান্ধব (Green Energy)। এটি প্রথাগত বিদ্যুৎ কেন্দ্রের ওপর চাপ কমাবে এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করবে। একই সঙ্গে বিশ্বকে দূষণমুক্ত রাখতেও সহায়ক ভূমিকা পালন করবে।
.
বর্তমানে বিশ্বের অনেক উন্নত দেশ ডাটা সেন্টারের অতিরিক্ত বা অপচয় হওয়া তাপ (Waste Heat) পুনর্ব্যবহার করার ক্ষেত্রে যুগান্তরকারী ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে ইউরোপের নর্ডিক দেশসমূহে ‘ডিসট্রিক্ট হিটিং নেটওয়ার্ক’ তথা ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে পুরো শহরের ঘরবাড়িতে গরম পানি ও তাপ সরবরাহের ব্যবস্থা থাকার কারণে এই প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে আছে। 

বর্তমানে যেসব দেশ ডাটা-সেন্টারের তাপ পুনর্ব্যবহার শুরু করেছে, তাদের মধ্য ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, চীন প্রভৃতি উল্লেখযোগ্য। 

ফিনল্যান্ডকে এআই ও ডাটা সেন্টারের তাপ পুনর্ব্যবহারে অগ্রণী ভূমিকা রাখার জন্য বৈশ্বিক মডেল বলা যায়। গুগল (Google Hamina) তাদের ডাটা-সেন্টারের তাপ দিয়ে স্থানীয় এলাকার প্রায় ৮৫% ঘরবাড়ি, স্কুল ও সরকারি ভবনের ওয়ান্টার হিটিং চাহিদা বিনামূল্যে পূরণ করে যাচ্ছে। 

মাইক্রোসফট (Microsoft Espoo) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এসপো (Espoo)-তে বিশ্বের বৃহত্তম ডাটা-সেন্টার-তাপ পুনর্ব্যবহার প্রকল্প গড়ে তুলছে। যদ্দ্বারা ২০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে প্রায় ২.৫ লাখ মানুষের ঘর উষ্ণ রাখা সম্ভব হবে।  এছাড়া ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির ইউসপেনস্কি ক্যাথেড্রালের নিচে থাকা মাটির নিচের ডাটা সেন্টারের তাপ দিয়েও শত শত ঘরবাড়ি উত্তপ্ত রাখা হচ্ছে। 

ডেনমার্ক ইতোমধ্যে এই প্রযুক্তিকে সফল বাণিজ্যিক রূপ দিতে সক্ষম হয়েছে। মেটা, তাদের ওডেন্স শহরের ডাটা সেন্টার থেকে প্রতিবছর প্রায় ১,০০,০০০ মেগাওয়াট-ঘণ্টা (MWh) তাপশক্তি স্থানীয় হিটিং গ্রিডে প্রদান করছে, যা প্রায় ৭০০০ বাড়ির অভ্যন্তরীণ তাপমাত্রা উষ্ণ রাখছে। ডেনিশ প্রকৌশল জায়ান্ট ড্যানফস (Danfoss Sonderborg) প্রতিষ্ঠান তাদের সিস্টেমের মাধ্যমে প্রায় শতভাগ তাপ পুনর্ব্যবহারের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।

সুইডেনের স্টকহোম ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে ডাটা সেন্টারের তাপ পুনর্ব্যবহারের অগ্রদূত হিসেবে কাজ করে আসছে। সেখানে স্টকহোম ডাটা পার্কস নামক একটি প্রকল্প রয়েছে।  যেখানে শহরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিল্পপতিরা যৌথভাবে কাজ করছেন, যাতে ডাটা সেন্টারের কোনো তাপ অপচয় না হয়ে মানুষের ঘরবাড়ির ও ব্যবহার্য পানি গরম করার কাজে লাগে। 

আয়ারল্যান্ডের টালাট এলাকায় আমাজন (Amazon Data Centre)-এর ডাটা সেন্টারের অপচয় হওয়া তাপকে স্থানীয় ভবনসমূহে পাঠিয়ে প্রথম বছরই ১,১০০ টন কার্বন ডাই-অক্সাইড (CO2) নিঃসরণ কমানো সম্ভব হয়েছে। 

জার্মানি ডাটা-সেন্টারের তাপকে কাজে লাগানোর প্রক্রিয়াকে আইনি রূপ দিয়েছে। জার্মানির নতুন জ্বালানি দক্ষতা আইন (EnEfG) অনুযায়ী, ২০২৬ খ্রিষ্টাব্দ থেকে তৈরি হওয়া ডাটা সেন্টারগুলোর জন্য ন্যূনতম ১০% এবং ২০২৮ খ্রিষ্টাব্দের মধ্যে ২০% অপচয় হওয়া তাপ পুনর্ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। ফ্রান্সের রাজাধানী প্যারিসে ২০২৪ খ্রিষ্টাব্দের সামার অলিম্পিকের সময় অলিম্পিক অ্যাকুয়াটিক্স সেন্টারের সুইমিং পুলের পানি গরম রাখতে একটি স্থানীয় ডাটা সেন্টারের অপচয় হওয়া তাপ ব্যবহার করা হয়েছিল।

কানাডার মন্ট্রিয়লের ইকো-টু-ডাটা সেন্টার (Eco2Datacenter)-এর উৎপাদিত তাপ স্থানীয় ইউটিলিটি কোম্পানির সঙ্গে যৌথভাবে আবাসিক ভবন ও গ্রিনহাউসে পাঠাচ্ছে। লন্ডনের মেয়র স্থানীয় ডাটা সেন্টারগুলোর তাপ ব্যবহার করে পশ্চিম লন্ডনের প্রায় ৯,০০০ বাড়ি উষ্ণ রাখার জন্য নতুন ডিস্ট্রিক্ট হিট নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করছেন। 

চীনের সাংহাই এবং হাইনানে পানির তলদেশে গ্রিন ডাটা সেন্টার তৈরি করে তার তাপ সাগরের পানিতে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন শিল্প প্রক্রিয়ায় তা ব্যবহারের গবেষণা চলছে। 

বাংলাদেশের প্রেক্ষাপটেও এর অপরিসীম গুরুত্ব ও সম্ভাবনা রয়ছে। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত এত দ্রুত গতিতে বাড়ছে যে, সরকার তা সামাল দিতে হিমশিম খাচ্ছে। অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। 

যদি এই প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করা যায়, তবে বৈশ্বিক গ্রিড বা আঞ্চলিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ এর সুবিধা পেতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালে যখন বিদ্যুতের ঘাটতি বা লোডশেডিং বাড়ে, তখন এই  ব্যাক-আপ শক্তির উৎস দেশের শিল্প উৎপাদন সচল রাখতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বিশাল ভূমিকা রাখবে।

সবশেষে বলা যায়, এআই ডাটা সেন্টারের তাপ ডিসট্রিক্ট হিটিং ও কো-জেনারেশন মডেলের মাধ্যমে বিশ্বে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি আনতে সক্ষম হবে। 

ইউরোপের অনেকে দেশে ইতোমধ্যে ডাটা সেন্টারের তাপ দিয়ে শীতকালে ঘরবাড়ি গরম রাখার কাজ শুরু হয়েছে। একে পরবর্তী ধাপে নিয়ে যদি কো-জেনারেশন (বিদ্যুৎ ও তাপ যৌথ উৎপাদন) প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হয়, তবে একটি ডাটা সেন্টার নিজেই একটি মিনি পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তরিত হতে পারে।

সুতরাং, ডাটা সেন্টারের এই বিপুল তাপকে শুধু একটি ‘সমস্যা’ হিসেবে না দেখে একে ‘শক্তির উৎস’ বিবেচনা করা এবং এআই প্রযুক্তির মাধ্যমে তা বিদ্যুতে রূপান্তর করা হবে আধুনিক বিজ্ঞানের অন্যতম সেরা পদক্ষেপ। 

যা বদলে দিতে পারে বিশ্বব্যপী বিদ্যমান জ্বালানি সংকটের তীব্রতা। তবে, বাংলাদেশের মতো অনুন্নত বা উষ্ণমণ্ডলীয় দেশসমূহে এই তাপ পুনর্ব্যবহার করার ক্ষেত্রে অনেকে প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। এ বিষয়ে আরেকদিন আলোচনা করা হবে।

লেখক : ড. মোহাম্মদ আমীন, ভিজিটিং প্রফেসর, ইউনিভার্সিটি অব অটোয়া, কানাডা

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!