ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

থার্ড টার্মিনাল চালু নিয়ে বেবিচকের গুরুত্বপূর্ণ সভা আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬, ১০ নভেম্বর ২০২৬
থার্ড টার্মিনাল চালু নিয়ে বেবিচকের গুরুত্বপূর্ণ সভা আজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (ফাইল ছবি)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১০ নভেম্বর) বেবিচকের পরিচালনা পর্ষদের সভায় এসব শর্ত পর্যালোচনা করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বেবিচকের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। আজকের বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনালটি সীমিত পরিসরে বা আংশিক চালুর পরিকল্পনা রয়েছে। তবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে নির্মিত এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার প্রক্রিয়ায় সরকারের দেওয়া বিভিন্ন ছাড় ও শর্ত নিয়ে সংশ্লিষ্ট মহলে সমালোচনা তৈরি হয়েছে।

টার্মিনাল পরিচালনা, রাজস্ব ভাগাভাগি এবং চুক্তির বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তুলেছেন সংশ্লিষ্টরা। চুক্তি চূড়ান্ত করতে তাড়াহুড়ো করা হলে জাতীয় স্বার্থ, দেশের বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকেও আলোচনা ও সমালোচনা হয়েছে। এ পরিস্থিতিতে স্পর্শকাতর শর্তগুলো আবারও পর্যালোচনার উদ্যোগ নিয়েছে বেবিচক।

এর আগে থার্ড টার্মিনাল পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের পর তাদের দেওয়া কয়েকটি শর্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। অন্যদিকে, টার্মিনালটিতে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা চালু রাখতে প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ জন্য বেবিচকের কাছে আনুষ্ঠানিকভাবে লাইসেন্সের আবেদন করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। দ্রুত লাইসেন্স দেওয়ার জন্যও কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিমান।

দীর্ঘদিন ধরে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে লাগেজ সরবরাহে বিলম্ব, মালামাল হারানো, সেবার মান এবং দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি নিয়ে বিভিন্ন সময়ে দেশি-বিদেশি বিমান সংস্থাগুলো অসন্তোষ প্রকাশ করেছে। বিশ্বমানের সেবা নিশ্চিত করার লক্ষ্যেই থার্ড টার্মিনালে বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এদিকে, গত ২৮ অক্টোবর বেবিচক চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেন্সের কার্যপরিধি বাড়িয়ে থার্ড টার্মিনালকে অন্তর্ভুক্ত করার আবেদন জানান।

অন্যদিকে, গত মাসে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম বেবিচকের কাছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য চারটি বিদেশি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানগুলো হলো সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানাটা এবং যুক্তরাজ্যভিত্তিক মেনজিস অ্যাভিয়েশন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!