ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩০, ১০ নভেম্বর ২০২৬
পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর
ধর্ম মেনে নয়, যে দেশের আইনে বিয়ে করেছেন আসাদ নূর ও পারশা। সংগৃহীত ছবি

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূর। সম্প্রতি পারশার ফেসবুকে বিয়ের ছবি প্রকাশের পর থেকেই তাদের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়। ছবিতে স্বামীর মুখ আড়াল করে রেখেছিলেন এই সংগীতশিল্পী।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে বিয়ের বিষয়টি স্বীকার করেন আসাদ নূর।

লাইভে তিনি জানান, কোনো ধর্মীয় রীতি অনুসরণ করে নয়, আইনি বিধান অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। তবে সেটি বাংলাদেশের প্রচলিত কোনো আইনের অধীনে নয়। আসাদ নূরের ভাষ্য অনুযায়ী, ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করতে হয়নি বলেও দাবি করেন তিনি।

বিয়ের খবর এত দিন গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। তিনি জানান, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং মানুষের প্রতিক্রিয়া দেখার উদ্দেশ্যে পরিকল্পিতভাবেই বিয়ের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করেছিলেন তারা। পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণের মতো বিষয়গুলোও ছিল সেই পরিকল্পনার অংশ।

আসাদ নূর আরও জানান, পারশার পরিবার ও ক্যারিয়ারের প্রতি সম্মান রেখেই তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। লাইভে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর এআই-নির্মিত ছবি ও ট্রল নিয়েও কথা বলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!