রাত ১০টার পর সাইফের সঙ্গেও কথা বলতে চান না কারিনা
রাত ১০টার পর কথা বলতে একেবারেই পছন্দ করেন না বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এমনকি বিছানায় যাওয়ার পর স্বামী সাইফ আলি খানের সঙ্গেও কথা বলতে চান না তিনি। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে স্ত্রীর এমন অভ্যাসের কথা জানিয়েছেন সাইফ।
দীর্ঘ ১৬ বছর পর ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে একসঙ্গে অতিথি হয়েছেন সাইফ ও কারিনা। অনুষ্ঠানে তাদের কথোপকথনে উঠে আসে ব্যক্তিগত জীবনের নানা মজার ঘটনা।
সঞ্চালক করণ জোহর কারিনার স্বতঃস্ফূর্ত ও বিনোদনপ্রিয় স্বভাব নিয়ে কথা বলছিলেন। এ সময় সাইফ জানান, রাত ১০টার পর বিছানায় গেলে কারিনা আর কথা বলতে চান না। বিষয়টি বুঝতে তার বেশ কয়েক বছর সময় লেগেছে।
সাইফ বলেন, ‘আমি বুঝতেই পারিনি, সে রাত ১০টার পর বিছানায় যাওয়ার পর কথা বলতে পছন্দ করে না। সে কখনো আমাকে বিষয়টি বলেনি।’
এরপর কারিনা জানান, সারাদিনের ব্যস্ততার পর রাতের সময়টুকু তিনি নিজের মতো করে কাটাতে চান। সাইফ বলেন, প্রথম দিকে রাত ১০টার পর কারিনা হঠাৎ চুপ হয়ে গেলে তিনি ভাবতেন, হয়তো কোনো কারণে তার মন খারাপ হয়েছে কিংবা তিনি কিছু ভুল করেছেন। পরে বুঝতে পারেন, এটি কারিনার নিজের জন্য নির্ধারিত সময়।
কারিনা মজা করে বলেন, ‘এটাই আমার মি টাইম। আমি শুধু সকালে বিনোদন দিই।’ তার এ মন্তব্যে হাসিতে ফেটে পড়েন করণ ও সাইফ।
অনুষ্ঠানে কারিনার দিনের সময় কাটানোর ধরন নিয়েও কথা হয়। সাইফ জানান, সকালে কারিনা বেশ প্রাণবন্ত থাকেন। ফোনে কথা বলা থেকে শুরু করে নানা বিষয়ে গল্প করা—সবকিছুতেই তার আগ্রহ রয়েছে। কখনো কখনো কারিনা একটানা কথা বলতে থাকেন, আর সাইফ অপেক্ষা করেন কখন তিনি একটু থামবেন।
এ কথা শুনে কারিনা মজা করে বলেন, তিনি সাইফকে সব ধরনের গসিপ শোনান, কিন্তু সাইফ সেসব খুব একটা মনোযোগ দিয়ে শোনেন না।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ‘টাশান’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্কের শুরু। এ তারকা দম্পতির দুই ছেলে—তৈমুর ও জেহ। দীর্ঘ দাম্পত্য জীবনের নানা মজার অভিজ্ঞতা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারা।