ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, ছুটি কতদিন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, আগামী বছরের জন্য জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। এসব ছুটির মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার।
এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে—একটি শুক্রবার ও দুটি শনিবার।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব মিলিয়ে ২০২৭ সালে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিনসহ মোট ২৯ দিন সরকারি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। সাপ্তাহিক ছুটির দিন বাদ দিলে কার্যকর সরকারি ছুটির সংখ্যা দাঁড়াবে ২২ দিন।