ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মাইলি সাইরাস ও ম্যাক্স মোরান্ডো ৫ বছর প্রেমের পর বিয়ে করলেন
মার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাস ও ম্যাক্স মোরান্ডো দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের আসরে আবেগপ্রবণ হয়ে স্বামী ম্যাক্সকে বিশেষ কিছু কথা বলেছিলেন মাইলি, যা ভিডিও দেখে প্রকাশ করেছেন একজন পেশাদার লিপরিডার।
মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, বিয়ের আসরে ৩৩ বছর বয়সী মাইলি ও ২৮ বছর বয়সী ম্যাক্স একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। এ সময় মাইলিকে স্বামীর সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওটি বিশ্লেষণ করে পেশাদার লিপরিডার নিকোলা হিকলিং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর ইউএসকে জানান, মাইলি ম্যাক্সকে বলেছিলেন, ‘থামো, তুমি আমাকে কাঁদিয়ে দিচ্ছ।’
জবাবে ম্যাক্স কাঁধ ঝাঁকান। এরপর মাইলি বলেন, ‘হায় ঈশ্বর, আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি।’ বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট টুনাইটের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস, বোন নোয়া সাইরাসসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার বিয়ের মহড়ার নৈশভোজে মাইলি ও ম্যাক্সকে হাতে হাত রেখে দেখা যায়। এরপর থেকেই তাদের বিয়ের খবর নিয়ে আলোচনা শুরু হয়। ওই নৈশভোজে অতিথিদের জন্য ফিলে মিনিয়ন ও লবস্টার রাভিওলিসহ নানা খাবারের আয়োজন ছিল।
এর আগে ম্যাক্সের বিয়ের প্রস্তাব পেয়ে বিস্মিত হয়েছিলেন বলে জানিয়েছিলেন মাইলি। গত বছর তাদের বাগদান সম্পন্ন হয়। বিয়ের আগে হলিউড বোলের একটি কনসার্টে মাইলি তাদের যৌথ গান ‘লেটস গেট ম্যারিড’ পরিবেশনের সময় ম্যাক্সকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন।
মাইলি সাইরাসের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৮ সালে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন তিনি। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়।
২০২১ সালে ম্যাক্সের সঙ্গে সম্পর্কে জড়ান মাইলি। বয়সে ম্যাক্সের চেয়ে বড় হওয়ায় মজা করে নিজেকে ‘কুগার’ বলেও অভিহিত করেছেন এই গায়িকা। গত বছর পারিবারিক পডকাস্ট ‘সরি উই আর সাইরাস’-এ বিষয়টি নিয়ে মজার কথোপকথন হয়।