ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

চিত্রনায়ক জয় চৌধুরী পদত্যাগ করতে যাচ্ছেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২৬, ১৭ নভেম্বর ২০২৬
চিত্রনায়ক জয় চৌধুরী পদত্যাগ করতে যাচ্ছেন
চিত্রনায়ক জয় চৌধুরী। সংগৃহীত ছবি

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বার্তায় জয় চৌধুরী জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি ও নিজের অবস্থান নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বলেও জানিয়েছেন এই অভিনেতা।

এর আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসি গেটে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা অংশ নেন। তবে সেখানে উপস্থিত ছিলেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজন সদস্য। এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে অসন্তোষ তৈরি হয়।

মানববন্ধন শেষে ক্ষোভ প্রকাশ করে শিল্পী সমিতির চত্বরে যান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। সেখানে জয় চৌধুরীর সঙ্গে তার মুখোমুখি কথা কাটাকাটি হয়।

এ সময় জয় চৌধুরীর প্রতি ক্ষোভ প্রকাশ করে হেলাল খান শিল্পী সমিতির সামনে বসে থাকা কয়েকজনকে উদ্দেশ করে ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেন। পরে জয় চৌধুরীকে লক্ষ্য করেও একই ধরনের মন্তব্য করেন তিনি। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথাও বলেন হেলাল খান।

ঘটনার পর নিজের বক্তব্যে জয় চৌধুরী জানান, ওই সময় শিল্পী সমিতির সামনে অভিনেতা ডি এ তায়েবের কয়েকজন ভক্ত বসে ছিলেন। জন্মদিনের কেক কাটতে তারা সেখানে এসেছিলেন। ডি এ তায়েবের আসতে দেরি হওয়ায় তারা অপেক্ষা করছিলেন।

জয় চৌধুরীর দাবি, ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলা এবং মানববন্ধনে যেতে কিছুটা দেরি হওয়ার কারণেই হেলাল খান তার ওপর ক্ষুব্ধ হন। তার ভাষ্য, ওই ভক্তরা কীভাবে বা কখন এফডিসিতে এসেছেন, সে বিষয়ে ডি এ তায়েব নিজেও অবগত ছিলেন না। মূলত ভুল বোঝাবুঝি থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চলচ্চিত্র অঙ্গনে এমন মতবিরোধ ও উত্তেজনার মধ্যেই ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন জয় চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!