শীত আসছে- ঋতু পরিবর্তনের সময়ে শরীরের ভাষা বুঝুন
শীত আসছে। অনেকেই হয়তো লক্ষ্য করছেন যে, বিকেল ৪-৫টা বাজতেই একধরনের ক্লান্তি বা অলসতা ভর করছে, কিংবা সকালের দিকে ঘুম থেকে ওঠা তুলনামূলক কঠিন মনে হচ্ছে। সেই সাথে মিষ্টি বা কার্বোহাইড্রেট-জাতীয় খাবারের প্রতি একধরনের আকস্মিক আগ্রহ তৈরি হচ্ছে।
ঋতু পরিবর্তনের এই সময়ে শরীরের ভেতরে ঠিক কী ধরনের পরিবর্তন ঘটে এবং কীভাবে এর প্রতিকার করা সম্ভব, আসুন আজকে তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
আমাদের শরীরের ২৪ ঘণ্টার অভ্যন্তরীণ ঘড়ি মূলত সূর্যের আলোর ওপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়। শীতের শুরুতে বাংলাদেশে দিনের আলোর ব্যাপ্তি প্রায় ৩ ঘণ্টার মতো কমে আসে এবং বিকেল ৫:৩০ মিনিটের মধ্যেই সূর্যাস্ত ঘটে।
দ্রুত অন্ধকার নেমে আসার কারণে মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড থেকে স্বাভাবিকের চেয়ে অনেক আগেই 'মেলাটোনিন' নামক স্লিপ হরমোন ক্ষরণ শুরু হয়। ফলে অফিস থেকে ফেরার সময় বা ভর সন্ধ্যায় শরীর তীব্র অবসাদগ্রস্ত ও ক্লান্ত বোধ হয়।
একই সাথে সূর্যালোকের অভাব ও দীর্ঘায়িত অন্ধকারের কারণে সকালের দিকে আমাদের শরীরের প্রধান স্ট্রেস ও এনার্জি হরমোন 'কর্টিসল' এর স্বাভাবিক ডাইইউর্নাল রিদম ব্যাহত হয়। কর্টিসলের মূল কাজ হলো সকালে ঘুম থেকে ওঠার পর রক্তচাপ ও গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে শরীরকে সজাগ ও কর্মক্ষম (Alert) করে তোলা।
সকালে এই কর্টিসল স্পাইক ঠিকমতো না হওয়ার কারণে তীব্র সকালের অলসতা বা মর্নিং স্লাগিশনেস দেখা দেয়। এর পাশাপাশি দিনের আলো কমে যাওয়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কে 'সেরোটোনিন' নামক নিউরোট্রান্সমিটারের উৎপাদন কিছুটা হ্রাস পায়, যা আমাদের মুড, এনার্জি এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে।
শরীরে সেরোটোনিনের এই সাময়িক ঘাটতি পূরণের জন্য, মস্তিষ্ক নিজের ভারসাম্য বজায় রাখতে দ্রুত শক্তি দেয় এমন উচ্চ ক্যালরিযুক্ত খাবার খোঁজে।
কার্বোহাইড্রেট এবং সুগারি খাবার গ্রহণের পর শরীরে দ্রুত সেরোটোনিন স্পাইক হয়। এই কারণেই শীতের এই সময়ে পিঠা, খেজুরের গুড়, মিষ্টি বা উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের প্রতি তীব্র ইচ্ছা তৈরি হয়।
তবে, যদি আমরা এই সিগন্যালে সাড়া দিয়ে উচ্চ গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত খাবার বেশি গ্রহণ করি, তবে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ খুব বেশি বেড়ে যায়। এর প্রতিক্রিয়ায় শরীর অতিরিক্ত ইনসুলিন ক্ষরণ করে, যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা আবার হঠাৎ করেই নেমে যায়।
এর ফলে খাবার খাওয়ার মাত্র ১-২ ঘণ্টার মধ্যেই শরীর আরও বেশি ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং পুনরায় মিষ্টি খাওয়ার তীব্র ক্ষুধা উদ্দীপিত হয়, যা দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায়।
আরেকটি সমস্যা হতে পারে ভিটামিন ডি-এর সংশ্লেষণ হ্রাস পাওয়া। সূর্যালোকের উপস্থিতিতে আমাদের ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, যা সেলুলার এনার্জি প্রডাকশন, ইমিউনিটি এবং ক্যালসিয়াম মেটাবলিজমের জন্য অপরিহার্য।
শীতকালে বায়ুমণ্ডলে ধূলিকণা বা স্মগের স্তর এবং ঘরের ভেতরে থাকার প্রবণতার কারণে আমাদের শরীর পর্যাপ্ত আল্ট্রাভায়োলেট-বি রশ্মি পায় না। ভিটামিন ডি-এর এই সাব-ক্লিনিক্যাল ঘাটতি সরাসরি আমাদের পেশির ক্লান্তি এবং দীর্ঘস্থায়ী অবসাদের জন্য দায়ী হতে পারে।
আমাদের শরীরকে এই নতুন মেটাবলিক এবং হরমোনাল রিদমের সাথে মানিয়ে নিতে কিছু সায়েন্টিফিক লাইফস্টাইল মডিফিকেশন প্রয়োজন।
প্রথমত, আর্লি মর্নিং লাইট এক্সপোজার অত্যন্ত কার্যকরী। ঘুম থেকে ওঠার ৩০ মিনিটের মধ্যে অন্তত ১০-১৫ মিনিট ভোরের আলো গায়ে লাগানোর চেষ্টা করুন। এই প্রাকৃতিক আলো অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কের সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াসকে উদ্দীপিত করে মেলাটোনিন নিঃসরণ বন্ধ করে এবং কর্টিসল হরমোনের স্বাভাবিক ছন্দ পুনরুদ্ধার করে সারাদিনের এনার্জি লেভেল বুস্ট করে।
দ্বিতীয়ত, ইনসুলিন ক্র্যাশ এড়াতে ডায়েটারি গ্লাইসেমিক ইনডেক্স নিয়ন্ত্রণ করা জরুরি। শীতকালীন খাবারের আনন্দ উপভোগ করার পাশাপাশি খাবারের প্লেটে প্রোটিন, গুড ফ্যাট এবং ফাইবার-সমৃদ্ধ শীতকালীন শাকসবজির অনুপাত বাড়িয়ে দিতে হবে, যা কার্বোহাইড্রেটের শোষণকে ধীর করে ব্লাড গ্লুকোজ লেভেল স্থিতিশীল রাখবে।
একই সাথে ভিটামিন ডি এর জোগান নিশ্চিত করতে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যবর্তী সময়ে অন্তত ১৫-২০ মিনিট শরীরের কিছু অংশ সরাসরি রোদে উন্মুক্ত রাখুন এবং ডায়েটে চর্বিযুক্ত মাছ, ডিমের কুসুম ও মাশরুম অন্তর্ভুক্ত করুন।
তৃতীয়ত, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ও থার্মোরেগুলেশনের দিকে নজর দিতে হবে। তাপমাত্রা কমলে শরীর তাপ ধরে রাখার জন্য কোর টেম্পারেচার ও মেটাবলিক রেট কিছুটা কমিয়ে দেয়, তাই শরীর সচল রাখা জরুরি।
ব্যস্ত শিডিউল বা ইনডোর সীমাবদ্ধতার কারণে যারা সকালে বাইরে যেতে পারবেন না, তারা ঘরের ভেতরেই ১৫-২০ মিনিটের ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ, ইয়োগা বা স্ট্রেচিং করতে পারেন। অথবা সকালের পরিবর্তে বিকেলে বা অফিস শেষে বাড়ি ফিরে হালকা ব্রিস্ক ওয়াকিং করতে পারেন।
এটিও বডির কোর টেম্পারেচার বৃদ্ধি করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখবে এবং এন্ডোরফিন ক্ষরণের মাধ্যমে মানসিক ক্লান্তি দূর করবে।
তবে যদি এই লাইফস্টাইল পরিবর্তনের পরেও আপনার ক্লান্তি বা অবসাদ দূর না হয়, এবং এটি দৈনন্দিন কার্যক্ষমতাকে ব্যাহত করে, তবে অন্তর্নিহিত কোনো প্যাথলজিক্যাল কারণ আছে কিনা তা নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ব্যক্তিভেদে রক্তস্বল্পতা পরীক্ষা করতে CBC, থাইরয়েডের সমস্যা শনাক্ত করতে Thyroid Profile (TSH, Free T3, Free T4), ভিটামিন ডি-এর ঘাটতির মাত্রা পরিমাপ করতে Serum 25-hydroxyvitamin D, এবং প্রি-ডায়াবেটিস বা ডায়াবেটিসজনিত মেটাবলিক ক্লান্তি নিশ্চিত করতে Fasting Blood Sugar ও HbA1c স্ক্রিনিং টেস্টগুলো করিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে।
ঋতু পরিবর্তনের এই সময়ে আপনার শরীরের ভাষা বুঝুন এবং শরীরকে পর্যাপ্ত সময় দিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।
লেখক : ডাঃ মুশতারী মিমি, এমবিবিএস, এমপিএইচ ( ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ,কানাডা)।