মহিলা দলের নেত্রী শারমিন আক্তার রিতাকে স্থায়ী বহিষ্কার
২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শারমিন আক্তার রিতা ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ ও প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে দলীয় নীতিমালা এবং সাংগঠনিক স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শারমিন আক্তার রিতাকে যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এখন থেকে তিনি মহিলা দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না।