ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

নারীঘটিত অডিও-ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা, রাশেদকে নিয়ে যা বললেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:২৫, ৮ নভেম্বর ২০২৬
নারীঘটিত অডিও-ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা, রাশেদকে নিয়ে যা বললেন
ছবি: সংগৃহীত

নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি ঘিরে আলোচনার মধ্যে অবশেষে মুখ খুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের করা অভিযোগকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে এর জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি বগুড়ার একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা বলেন, আলেমদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় রাশেদ খাঁনের নাম উল্লেখ করে তার ব্যক্তিগত জীবন নিয়েও কটূক্তি করেন তিনি।

আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেক করে দেখেন, নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত, আমার মনে হয় রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগতো। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নিবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।’

রাশেদ খাঁনের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষের বিরুদ্ধে যারা লেগে থাকে, আল্লাহ যেন তাদের কথা বন্ধ করে দেন। আওয়ামী লীগ সরকারের সময় রিমান্ডে থাকার অভিজ্ঞতা তুলে ধরে আমির হামজা দাবি করেন, তখন তাকে একটি অডিও শোনানো হয়েছিল। সেটিকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কণ্ঠস্বরের মতো করে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আমির হামজা বলেন, ‘আমি আওয়ামী লীগের সময় রিমান্ডে গিয়ে দেখলাম, ডিসি-এসপিরা আমাকে মোবাইলে শোনাচ্ছে, দেলাওয়ার হোসাইন সাঈদী এক মহিলার সঙ্গে গল্প করছেন। একেবারে হুবহু মিলে যাচ্ছে ওনার কণ্ঠ। ওই সময় এআই প্রযুক্তি ইসরায়েলের কাছ থেকে এনেছিলেন হাসিনা। আমাকে বলছে, দেখ তোর হুজুর কী করে।’

তিনি আরও বলেন, আল্লামা সাঈদী তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশে বদদোয়া করেছিলেন। একইভাবে বগুড়ার মাটিতে দাঁড়িয়ে তিনিও আল্লাহর কাছে বিচার দিয়েছেন।

আমির হামজা বলেন, ‘আল্লামা সাঈদী বদদোয়া করেছিলেন, আল্লাহ আমার এত বড় অসম্মান যারা করল, তাদের তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম, এই বগুড়ার মাটিতে বদদোয়া দিয়ে গেলাম। আমাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, একটা অক্ষরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

আলেমদের বিরুদ্ধে অপপ্রচারের পেছনে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগও করেন তিনি। তার ভাষ্য, আল্লামা সাঈদীর বিরুদ্ধে অতীতে বিভিন্ন অভিযোগ তুলে কয়েক শ পৃষ্ঠার নথি তৈরি করা হয়েছিল, যেগুলোর সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। বর্তমানে যারা সত্য কথা বলতে চান, তাদের থামিয়ে দিতেও একই ধরনের কৌশল নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

এর আগে গত ৬ নভেম্বর আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

ওই পোস্টে রাশেদ দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার কাছে এসেছে। সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতাও পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি আমির হামজার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে দেওয়ার কথা জানান।

ফাঁস হয়েছে বলে দাবি করা ওই অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাইতে, অনুতপ্ত হতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়।

কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!