ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

শ্রমিকের ন্যায্য মজুরির লড়াই সবার: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০, ২ নভেম্বর ২০২৬
শ্রমিকের ন্যায্য মজুরির লড়াই সবার: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

শ্রমিকের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের জীবনমানের উন্নতি জড়িত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, শ্রমিকের ন্যায্য মজুরির দাবি শুধু শ্রমিকদের একার বিষয় নয়। এটি বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার লড়াই। তাই শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে সবার সমর্থন থাকা প্রয়োজন।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেও অনেক তরুণকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করতে হচ্ছে। ফলে শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে।

তবে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনে দেশের শিক্ষিত, সচেতন ও পেশাজীবী মানুষের জোরালো সমর্থন দেওয়া উচিত বলে মনে করেন এনসিপির এই নেতা।

তিনি আরও বলেন, শ্রমিকের বেতন বাড়লে শুধু একজন শ্রমিকের আয় বাড়ে না, এর ইতিবাচক প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। শ্রমিকদের ক্রয়ক্ষমতা বাড়লে বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হয়।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি। আর দেশের অর্থনৈতিক অগ্রগতির সুফল ভোগ করেন সাধারণ মানুষও। তাই ন্যায্য মজুরির আন্দোলনকে সবার অধিকার ও সমৃদ্ধ অর্থনীতি প্রতিষ্ঠার লড়াই হিসেবে দেখা উচিত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!