ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

আওয়ামী লীগ ফিরলে মন্ত্রী হবেন, এমন আশায় আছেন মাশরাফি: রাশেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ২২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ ফিরলে মন্ত্রী হবেন, এমন আশায় আছেন মাশরাফি: রাশেদ
শেখ হাসিনার সঙ্গে মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবি।

ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা তাকে মন্ত্রী বানাবেন—এমন আশায় বুক বেঁধে আছেন সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়মিত অর্থ পাঠান মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ তাণ্ডবও তার মদদে সন্ত্রাসীদের দিয়ে চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

রাশেদ আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ভাঙচুরের ঘটনায় মাশরাফির মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ থেকে প্রতিশোধ নিতে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন এবং অর্থ ব্যয় করে সহিংসতা ও হত্যাকাণ্ডে মদদ দিচ্ছেন।

বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে রাশেদ লেখেন, মাশরাফির অনুসারীরা ফেসবুকে প্রচার করছেন যে তিনি এমন কোনো নির্দেশ দেননি। এ বিষয়ে মাশরাফিকে নিজেই নিজের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

একসময় নিজেও মাশরাফির ভক্ত ছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন অভিযোগ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট মাশরাফির বাবা রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন। ক্ষমতার প্রতি মাশরাফি ও তার পরিবারের অতিরিক্ত আগ্রহ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ আরও লেখেন, মাশরাফি ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে—এমন প্রত্যাশা থেকে দুই বছর বিরতির পর এ বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। একজনকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এমন ব্যক্তির নির্দেশনায় দুইজনকে হত্যার অভিযোগ অস্বাভাবিক কি না।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময় মাশরাফির পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামা উচিত ছিল। তা না হলে অভ্যুত্থানের পর ক্ষমা চেয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে শেখ হাসিনা তাকে মন্ত্রী বানাবেন—এমন আশাতেই তিনি রয়েছেন বলে মন্তব্য করেন রাশেদ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!