ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩০, ২২ নভেম্বর ২০২৬
২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর
সংগৃহীত ছবি

আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নারী-পুরুষের মধ্যে যারা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের জন্য এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। এ খাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে।

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

তিনি আরও বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!