ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গভর্নরের জবাবদিহির কাঠামোও থাকতে হবে। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের প্রভাবমুক্ত থেকে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম পরিচালনা জরুরি।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। পলিসি থিংক অ্যান্ড রিসার্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
আহসান এইচ মনসুর বলেন, কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক স্বাধীনতা।
শুধু গভর্নর নয়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতেও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমনভাবে নির্বাচন করা প্রয়োজন, যাতে তারা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সামগ্রিক ব্যাংকিং খাতের স্বার্থে কাজ করেন। রাজনৈতিক বা অন্য কোনো অযাচিত চাপ ছাড়াই গভর্নরকে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ দিতে হবে। তবে স্বাধীনতার অর্থ জবাবদিহির বাইরে থাকা নয় বলেও মন্তব্য করেন তিনি।
ব্যাংক খাতের সংকট মোকাবিলায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সাবেক এই গভর্নর। তাঁর মতে, যথাযথ মূল্যায়নের মাধ্যমে সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনার আওতায় আনা গেলে ব্যাংকের ব্যালান্স শিটের ওপর চাপ কমবে। এতে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে। তবে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
আলোচনায় অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ২০০৪ সালে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার সময় ঋণ পরিস্থিতি প্রতিকূল ছিল।
তিনি জানান, ২০১০ সালে দায়িত্ব ছাড়ার সময় ব্যাংকটির ঋণস্থিতি প্রায় ৩০ হাজার কোটি টাকায় উন্নীত হয় এবং খেলাপি ঋণের হার নেমে আসে ১০ শতাংশে। তবে ২০২৪ সালে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি দেখতে পান তিনি। যথাযথ যাচাই ছাড়া ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব ও পরিচালনা পর্ষদের চাপের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। খেলাপি ঋণ ভয়াবহ পর্যায়ে পৌঁছালে সেখান থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান।
তিনি আরও বলেন, ব্যাংকের অর্থ মূলত জনগণের আমানত। তাই ব্যবসায়িক অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা যাচাই না করে রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে ঋণ বিতরণ বন্ধ করতে হবে। ঋণ মওকুফের ফলে সরকারের রাজস্ব আয়ের ওপর কী প্রভাব পড়ে, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। এতে বিআইবিএমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।