ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে অনড় বেনেট
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে ঐক্য সরকার গঠনের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। তিনি জানিয়েছেন, গাদি আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। নেতানিয়াহু কিংবা তার জোটের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সরকার গঠন করবে না তার দল।
শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন বেনেট। এর আগে গত বুধবার নেতানিয়াহুর সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়। ওই বৈঠকের পর রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়, আইজেনকোটের নেতৃত্বাধীন জোট থেকে সরে আসতে পারেন বেনেট।
বিবৃতিতে বেনেট বলেন, অংশীদারদের সঙ্গে নিয়ে গাদি আইজেনকোটের নেতৃত্বে জাতীয় পুনর্গঠনের সরকার প্রতিষ্ঠায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নেতানিয়াহু যেন পরবর্তী প্রধানমন্ত্রী না হন, তা নিশ্চিত করতে চান তিনি।
এদিকে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন আইজেনকোট। রোববার থেকে দুই দলের মধ্যে ধারাবাহিক আলোচনা শুরুর কথা রয়েছে।
আইজেনকোটের দল ইয়ারাশ এক বিবৃতিতে জানিয়েছে, যতটা সম্ভব বিস্তৃত ঐক্য সরকার গঠনের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে লিকুদ পার্টিকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। সমঝোতায় পৌঁছাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
তবে আলোচনায় বসার আগে বেশ কয়েকটি শর্ত দিয়েছে লিকুদ পার্টি। দলটি নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, উসকানি এবং রাজনৈতিক বয়কট বন্ধের দাবি জানিয়েছে। পাশাপাশি ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়—এমন দলগুলোকে নিয়ে ঐক্য সরকার গঠনের বিষয়ে যৌথ ঘোষণা চেয়েছে তারা।
এ ছাড়া যেসব দলকে তারা সন্ত্রাসবাদে সমর্থনকারী বলে অভিযোগ করে, তাদের নিয়ে সরকার গঠনের উদ্যোগ পরিত্যাগের দাবি জানিয়েছে লিকুদ। প্রতিবেদনে বলা হয়েছে, এই শর্তের লক্ষ্য মূলত আরব সংখ্যাগরিষ্ঠ রা'আম ও জয়েন্ট লিস্ট পার্টিকে জোটের বাইরে রাখা।
ঐক্য সরকার গঠনে চারটি মূলনীতি প্রস্তাব করেছে নেতানিয়াহুর দল। এগুলো হলো—ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করা, গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরাইলের নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং কট্টরপন্থি ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়টি নির্ধারণ করা।
তবে আইজেনকোট বারবার জানিয়েছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দেবেন না তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে তাকে ভবিষ্যতে সরকারি দায়িত্বে না রাখার পক্ষে অবস্থান নিয়েছেন আইজেনকোট।
এদিকে সরকার গঠন নিয়ে বিরোধী জোটের নেতাদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। ইসরাইল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান কট্টরপন্থি ইহুদি দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান আরব দল রা'আম ও জয়েন্ট লিস্টের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
তবে গোলান জানিয়েছেন, কট্টরপন্থি ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনে তিনি বাধা দেবেন না। একই সঙ্গে নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখবে—এমন কোনো কথিত ঐক্য সরকারেও যোগ দেবেন না তিনি।
লিবারম্যানের মতে, নেতানিয়াহুর রাজনৈতিক জোট ভাঙতে হলে শাসক জোটের শরিক শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে সমঝোতা করতে হবে। এ জন্য রাজনৈতিক ও আদর্শিক মূল্য দিতে হলেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।
অন্যদিকে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। কট্টরপন্থি ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে দলটি নতুন প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। দলটির ধর্মীয় নেতারা আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের নির্বাচনে আইজেনকোট ও তার মিত্ররা পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৪৮টি পেয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। তবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার জোট। কট্টরপন্থি ইহুদি দলগুলোর হাতে রয়েছে আরও ১৩টি আসন। এসব দলের সমর্থন আইজেনকোটের পক্ষে গেলে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হতে পারে।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল