ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫১, ২২ নভেম্বর ২০২৬
বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন
সংগৃহীত ছবি

বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২১ নভেম্বর) বাহরাইন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিল্প স্থাপনাটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে স্থাপনাটির অবস্থান ও ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দিয়ে দ্বিতীয়বার বার্তা পাঠানো হয়।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের বেশ কয়েকটি বিমান হামলা প্রতিহত করেছে। এসব হামলা প্রতিহত করার সময় ছিটকে আসা স্প্লিন্টারের আঘাতে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে তেহরান বাহরাইনের প্রতি তাদের ‘পরিকল্পিত বৈরী মনোভাব’ অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেছে দেশটির কর্তৃপক্ষ।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী জানায়, চলমান আগ্রাসন এবং ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের জবাবে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে উপসাগরীয় আরব দেশগুলোর ওপরও। এরপর থেকে অঞ্চলটির বিভিন্ন স্থানে ইরানি হামলার ঘটনা ঘটছে।

সাম্প্রতিক দিনগুলোতেও বাহরাইন একাধিক ইরানি বিমান হামলা প্রতিহত করার দাবি করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!