ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী, অনুমতি দিল না ভারত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:০১, ২১ নভেম্বর ২০২৬
তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী, অনুমতি দিল না ভারত
ছবি: সংগৃহীত

ভারত সফরে গিয়ে তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে নির্ধারিত বৈঠকের বাইরে ব্যক্তিগত সফরের অনুমতি দেয়নি ভারত সরকার।

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভায় অংশ নেওয়ার জন্যই তাকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় গত ২০ নভেম্বর শুরু হয়েছে এসসিওর প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরাম। আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। এতে অংশ নিতেই ভারত সফরে গেছেন মুসাদ্দিক মালিক। সফরকালে আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত কর্মসূচির বাইরে তার ব্যক্তিগত সফরে অনুমতি দিতে রাজি হয়নি দেশটির কেন্দ্রীয় সরকার। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাজমহল পরিদর্শনের বিষয়টি নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্রের ওপর নির্ভর করছে। তবে নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি পাননি পাকিস্তানের এই মন্ত্রী।

মুসাদ্দিক মালিকের এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালে গোয়ায় এসসিওর বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো ফেডারেল মন্ত্রী ভারত সফরে গেলেন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং এর জবাবে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর পর এটিই পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।

এর আগে গত ২৮ অক্টোবর ভারত সরকার জানায়, প্রচলিত রীতি অনুযায়ী এসসিওর সব সদস্য দেশকে সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে পাকিস্তানও ছিল। পরে মুসাদ্দিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সরকার।

ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়, পারস্পরিক সম্মান বজায় রেখে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা এবং এসসিওর কাঠামোর মধ্যে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে তারা আগ্রহী।

উল্লেখ্য, ২০০১ সালে চীনের সাংহাইয়ে রাশিয়া, চীন, কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির স্থায়ী সদস্যপদ পায়। পরে ২০২৩ সালে ইরানও সংস্থাটির সদস্য হয়।

২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের ইসলামাবাদে এসসিওর সরকারপ্রধানদের পরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত মাসেও সংস্থাটির রাষ্ট্রপ্রধানদের পরিষদের পরবর্তী বৈঠকের প্রস্তুতিমূলক আলোচনায় অংশ নিতে ভারতের জাতীয় সমন্বয়ক অলোক দিমরিকে ইসলামাবাদে পাঠানো হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!