ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সলঙ্গা থানা কমিটি গঠন
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আয়োজনে সলঙ্গা থানা শাখার নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২০ নভেম্বর) বিকালে সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কে.এম. আমিনুল ইসলাম হেলাল। সভায় সলঙ্গা থানার আওতাধীন ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং ৪ জন স্বতন্ত্র স্বেচ্ছাসেবীর প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
এতে জেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ লোকমান ও ইঞ্জিনিয়ার মো. রাকিব হোসেন খাঁন।
এছাড়া নবগঠিত সলঙ্গা থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কে এম আমিনুল ইসলাম হেলাল ( ৩০ ভোট), সাধারণ সম্পাদক শাহ আলম ২৯ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (৩০ ভোট)।
সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের সমন্বিত উদ্যোগে সলঙ্গার স্বেচ্ছাসেবী অঙ্গন আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।
পাশাপাশি মানবিক কার্যক্রম সম্প্রসারণ, অসহায় মানুষের কল্যাণ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
কমিটি গঠন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ রজব এবং জেলা পরিষদের সদস্য আব্দুল আলিম, ইসমাইল হোসেন ও সাজিদ মুন।
নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সলঙ্গার স্বেচ্ছাসেবী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।