ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩, ২১ নভেম্বর ২০২৬
সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ: রিজভী
সংগৃহীত ছবি

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সেনাবাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পুত্র তারেক রহমানের অবদান রয়েছে।

রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতীক জিয়াউর রহমানই আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপন করেছিলেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যারা দেশের সার্বভৌমত্ব দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান একসূত্রে গাঁথা।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর দেশের বহুদলীয় গণতন্ত্র, সংবাদমাধ্যমের বিকাশ এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের অপরিসীম অবদান রয়েছে।

সমাবেশ শেষে বিজয়নগর থেকে শোভাযাত্রা শুরু হয়। এটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!