ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
রোহিঙ্গাদের দেশে ফেরার পথ শুরু হয়েছে: খলিলুর রহমান
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরদিন শুক্রবার বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। এ সময় তিনি বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার পথ তৈরি হতে শুরু করেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, শিবিরে রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি মিয়ানমারকে আইসিজের বাধ্যতামূলক রায় মেনে চলার আহ্বান জানান।
খলিলুর রহমান বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বসে না থেকে এই ঐতিহাসিক মুহূর্তে সরাসরি রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে তিনি শিবিরে এসেছেন। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার গাম্বিয়ার করা মামলায় রায় দেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। রায়ে ২০১৭ সালে উত্তর রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার বিষয়ে দেশটির দায় নির্ধারণ করা হয়। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ওই অভিযানে রোহিঙ্গারা গুলিবর্ষণ, ছুরিকাঘাত, অগ্নিসংযোগ, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হন।
শিবিরে দেওয়া বক্তব্যে খলিলুর রহমান বলেন, হেগের আদালত রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং মিয়ানমারের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়েছে। কোনো রায় নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারাতে পারে না। তবে সত্যের স্বীকৃতি থেকেই ন্যায়বিচারের সূচনা হয়।
মিয়ানমারকে সতর্ক করে তিনি বলেন, আইসিজের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মামলায় মিয়ানমার নিজেদের বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের সুযোগ পেয়েছে। তাই রায় মেনে চলা দেশটির জন্য ঐচ্ছিক নয়, বরং বাধ্যতামূলক।
রায় বাস্তবায়নে চারটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন খলিলুর রহমান। এগুলো হলো—গণহত্যাসংক্রান্ত অপরাধে জড়িত থাকার যৌক্তিক সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের তদন্ত ও বিচারের আওতায় আনা; রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনের পরিবেশ তৈরি; ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে আইন ও প্রতিষ্ঠান সংস্কার করা।
তিনি বলেন, রোহিঙ্গাদের জোর করে বা ঝুঁকির মধ্যে ফেলে ফেরত পাঠানো যাবে না। প্রত্যাবাসনের ক্ষেত্রে নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, বৈষম্য থেকে সুরক্ষা ও নাগরিকত্বের অধিকার নিশ্চিত করতে হবে। এ প্রক্রিয়ায় নারী ও তরুণদের মতামতকেও গুরুত্ব দিতে হবে।
খলিলুর রহমান আরও জানান, রোহিঙ্গাদের ক্ষয়ক্ষতি পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই বছরের মধ্যে আদালতকে জানাতে হবে মিয়ানমারকে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ ও তাদের ওপর কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।
জাতিসংঘ সনদের ৯৪ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে তিনি বলেন, কোনো দেশ আইসিজের রায় বাস্তবায়ন না করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে। নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গা শিবিরে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আশ্রয়ের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তি ও নারী সাক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খলিলুর রহমান গাম্বিয়া, ওআইসি, মামলায় অংশ নেওয়া ১১টি দেশ এবং উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দাদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ১৯৪৮ সালের গণহত্যা সনদ এবারই প্রথম রোহিঙ্গাদের পক্ষে কার্যকর ভূমিকা রেখেছে। ১৯ নভেম্বরকে তিনি রোহিঙ্গাদের দেশে ফেরার পথ শুরুর দিন হিসেবে দেখছেন। জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে রোহিঙ্গাদের বিষয়টি তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি।
রায়ে আদালত আরও উল্লেখ করেছে, বেসরকারি ব্যক্তিদের গণহত্যায় উসকানি দেওয়ার বিষয়ে মিয়ানমারের বিরুদ্ধে সরাসরি ও প্রকাশ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে ২০২০ সালের ২৩ জানুয়ারি আদালতের দেওয়া অন্তর্বর্তী আদেশ অনুযায়ী প্রমাণ সংরক্ষণ এবং তা নষ্ট হওয়া ঠেকাতে মিয়ানমার যথাযথ ব্যবস্থা নেয়নি। এ কারণে লঙ্ঘন বন্ধ, অভিযুক্তদের তদন্ত ও বিচার এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।