ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২০, ১৯ নভেম্বর ২০২৬
পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি
নির্বাচন কমিশন। ফাইল ছবি

দেশের চার হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপিতে ভোট নেওয়া হবে। তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের আগে প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ভোট নেয়া হবে। চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ মে। সর্বশেষ পঞ্চম ধাপের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এর মাধ্যমে ধাপে ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!