ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভৈরবে পলিথিন কারখানার মেশিনে কাপড় পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে পলিথিনের কাঁচামাল তৈরির একটি কারখানায় কাজ করার সময় মেশিনের বেল্টে কাপড় পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের তাতারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রত্না বেগম কুমিল্লা জেলার মুরাদনগর থানার রামচন্দ্র পুরের সজীব মিয়ার স্ত্রী। আর তার বাবার বাড়ি গোপালগঞ্জ জেলায়। তাঁর স্বামী সজীব মিয়াও ভৈরবের অন্য একটি পলিথিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ছয় বছর আগে তাঁদের বিয়ে হয়। এ দম্পতির একটি ছোট্ট কন্যাসন্তান রয়েছে। স্বামী ও সন্তানকে রেখে রত্নার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, তাতারকান্দি এলাকায় অবস্থিত পলিথিনের কাঁচামাল তৈরির কারখানাটি পরিচালনা করতেন গোলাম ইসতিয়াক ইউনিক। তিনি ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ইয়াকুব আলম ছিদ্দিকীর ছেলে। তাতারকান্দি এলাকার আফরিন সুলতানা নামে এক নারীর কাছ থেকে কারখানাটি ভাড়া নিয়ে সেখানে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতেন তিনি।
নিহতের স্বামী সজীব মিয়া বলেন, আমি ভৈরবের অন্য একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করি। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি, আমার স্ত্রী মেশিনে পেঁচিয়ে মারা গেছে। ছয় বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। এখন আমি কী করব, কিছুই বুঝতে পারছি না।
কারখানাটির পরিচালক গোলাম ইসতিয়াক ইউনিক বলেন, সকালে সবাইকে কাজে লাগিয়ে আমি কারখানার কাজে নরসিংদী যাই। পরে মোবাইল ফোনে জানতে পারি, মেশিনের বেল্টের সঙ্গে কাপড় পেঁচিয়ে রত্না নামে ওই নারী শ্রমিকের দুর্ঘটনা ঘটেছে এবং তিনি মারা গেছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। শ্রমিকদের কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের। তবে কারখানাটির বৈধতা ও নিরাপত্তাব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর কিশোরগঞ্জের মর্গে পাঠানো হবে। নিহত নারীর বাড়ি দূরে হওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর স্বজনেরা অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের দাবি, কারখানাটির বৈধতা, শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।