ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি
রাজধানীর উত্তরা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে, বুধবার দিবাগত রাত ২টার দিকে জ্যোতিকাকে তার বাসা থেকে আটকের খবর পাওয়া যায়। সে সময় একাধিকবার ফেসবুক লাইভে এসে নিজের বাসার সামনে পুলিশ সদস্যদের অবস্থানের কথা জানান এই অভিনেত্রী। লাইভে তিনি দাবি করেন, কেন পুলিশ তাকে আটক করতে এসেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির জানিয়েছিলেন, জ্যোতিকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে।