ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রমিক অসন্তোষে উত্তাল শ্রীপুর, মহাসড়ক অবরোধ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ১৯ নভেম্বর ২০২৬
শ্রমিক অসন্তোষে উত্তাল শ্রীপুর, মহাসড়ক অবরোধ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর
শ্রীপুরে উত্তপ্ত পরিস্থিতি

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরের শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় অবরোধ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে লাঠিসোঁটা হাতে একদল লোক মাওনা চৌরাস্তার বিভিন্ন মার্কেট ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে মাওনা চৌরাস্তার অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার সকাল থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি, হাজী পাম্প এলাকা ও আনসার রোডসহ মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। শ্রমিকদের একটি অংশ কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভে অংশ নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও কর্মজীবী মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের কেউ কেউ সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
বেলা সাড়ে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় লাঠিসোঁটা হাতে শতাধিক লোক বিভিন্ন মার্কেটে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকটি দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কে ক্রেতা-বিক্রেতারা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের ব্যবসায়ী আবদুল্লাহ বলেন, লাঠিসোঁটা হাতে কয়েক শ লোক মার্কেটে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
একাধিক ব্যবসায়ী জানান, সকাল থেকেই লাঠিসোঁটা হাতে একদল যুবক মহাসড়কে অবস্থান করছিলেন। পরে আনসার রোড এলাকা থেকে মাওনা চৌরাস্তায় এসে বিভিন্ন দোকানে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বেপারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় বাড়ির প্রধান ফটক, প্রবেশপথের সিসি ক্যামেরা ও কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্র জানায়, একদল লোক বাড়িতে গিয়ে ভাঙচুর চালালে খবর পেয়ে তাঁর নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে নেতাকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা চলে যায় বলে দাবি করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন বেপারী বলেন, ‘আমার বাড়িতে ভাঙচুর হয়নি। নিউজ কইরেন না।’ ফলে এ ঘটনায় তাঁর বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।
অন্যদিকে, ভোর থেকেই নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা যায়। সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম এবং তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোসলেম উদ্দিন মৃধার নেতৃত্বে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শ্রমিক ও মহাসড়কে চলাচলকারী কয়েকজন জানান, বৃহস্পতিবার সকালেও গাজীপুর সদর ও শ্রীপুর অংশে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাঠিসোঁটা হাতে একদল লোক সড়কে নেমে আসেন। এ সময় ঘটনার ছবি তুলতে গেলে কয়েকজনের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
গাজীপুর জেলা শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সফিউল দুপুরে সাংবাদিকদের বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। মহাসড়কের কয়েকটি পয়েন্ট অবরোধ করা হলেও আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল করছে। জেলা পুলিশ, মহানগর পুলিশ ও আনসার সদস্যরা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
এদিকে, শ্রমিক অসন্তোষ ও উত্তপ্ত পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া বিক্ষোভের পাশাপাশি মহাসড়ক অবরোধ, মার্কেটে ভাঙচুর ও বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগে পুরো শ্রীপুর শিল্পাঞ্চলে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!