ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

যেকোনো মূল্যে অপশক্তিকে রুখবে ১১ দল: মামুনুল হক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ১৯ নভেম্বর ২০২৬
যেকোনো মূল্যে অপশক্তিকে রুখবে ১১ দল: মামুনুল হক
সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে মোকাবিলার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। জোটের বৈঠক শেষে এ অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী অপশক্তিকে মোকাবিলা করবে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতার মিন্টো রোডের বাসভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মামুনুল হক।

তিনি বলেন, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে পরাজিত ফ্যাসিবাদী শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তারা মনে করছেন। জনমনে আতঙ্ক সৃষ্টি করে এসব শক্তি নিজেদের পরিচয় নতুন করে তুলে ধরছে বলেও মন্তব্য করেন তিনি।

মামুনুল হক বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী শক্তির মদদপুষ্ট অপশক্তিকে রুখতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে তাদের মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বলতার দিকে এগিয়ে যেতে পারে।

দেশের চলমান নৈরাজ্য সরকার কঠোর হাতে দমন করবে বলে আশা প্রকাশ করেন মামুনুল হক। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তবে প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রাণহানির ঘটনাগুলো পরাজিত শক্তির হামলায় হয়েছে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সতর্ক ভূমিকা প্রত্যাশা করে মামুনুল হক বলেন, প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলে তিনি মনে করেন না।

সরকারের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, মাঠপর্যায়ের দায়িত্বশীলদের মাধ্যমে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে। বিগত সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর অবস্থান নিয়েছিল। তবে বর্তমান সরকার বিরোধী মত দমনে ততটা নৃশংস নয় বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতি মূল্যায়নে আরও সময় প্রয়োজন বলেও জানান মামুনুল হক।

বৈঠকে জোটের নেতা অলি আহমদ, রাশেদ প্রধান, মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!