ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
জুলাই আন্দোলনের সময় মাদরাসাশিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল এ আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলার তদন্ত চলমান থাকায় তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। প্রয়োজনে পরবর্তী সময়ে তার রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়। পরে উত্তরা পশ্চিম থানার এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলছিল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চালান বলে অভিযোগ করা হয়।
এতে জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
এ ছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় দায়ের করা হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার ১৪টি মামলায় নুরুল ইসলাম নাহিদের নাম রয়েছে বলে সিডিএমএস পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।