ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ মতামত ]

প্রতিহিংসা নয়- প্রয়োজন ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা

উর্মী রহমান সোনিয়া
প্রকাশিত: ১৪:১১, ১৯ নভেম্বর ২০২৬
প্রতিহিংসা নয়- প্রয়োজন ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা
আমাদের প্রয়োজন ইতিহাস নিয়ে প্রতিহিংসা নয়, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা। প্রয়োজন পরিচয় নিয়ে বিভাজন নয়

যে জাতি নিজের অস্তিত্বের ভিত্তি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে না, সে জাতির পক্ষে ভবিষ্যতের অভিন্ন গন্তব্য নির্ধারণ করাও কঠিন। কেন যেন চারপাশটা দেখে  মনে হচ্ছে আমরা সেই কঠিন পথেই হাঁটছি।

একটি জাতির পরিচয় কেবল তার ভূখণ্ড, মানচিত্র কিংবা ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। একটি জাতির প্রকৃত পরিচয় গড়ে ওঠে তার ইতিহাস, আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, মুক্তির সংগ্রাম এবং কিছু অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে। এই ভিত্তিগুলোই একটি জাতিকে তার শেকড়ের সঙ্গে যুক্ত রাখে, অতীতের সঙ্গে বর্তমানের সেতুবন্ধন তৈরি করে এবং ভবিষ্যতের পথচলার দিকনির্দেশনা দেয়।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, যখন একটি জাতি তার নিজের জন্মপরিচয়, ঐতিহাসিক ভিত্তি কিংবা অস্তিত্বের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়েই বিভক্ত হয়ে পড়ে, তখন সেই বিভক্তি কেবল অতীতের বিতর্কে সীমাবদ্ধ থাকে না; তা ক্রমশ বর্তমানের সামাজিক ও রাজনৈতিক চিন্তায় প্রভাব বিস্তার করে এবং ভবিষ্যৎ নির্মাণের সক্ষমতাকেও দুর্বল করে দেয়।

মতপার্থক্য থাকা কোনো জাতির জন্য অস্বাভাবিক নয়। কিন্তু মতপার্থক্য আর মৌলিক আত্মপরিচয় নিয়ে অনিশ্চয়তা এক বিষয় নয়। একটি জাতি তার ইতিহাসের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা করতে পারে, ইতিহাসের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারে, নতুন প্রজন্মের সামনে নতুন ব্যাখ্যাও তুলে ধরতে পারে।

কিন্তু সেই প্রক্রিয়ায় ইতিহাসকে অস্বীকার করা, নিজেদের শেকড়কে প্রশ্নবিদ্ধ করার প্রতিযোগিতা কিংবা অতীতকে কেবল দলীয় ও গোষ্ঠীগত স্বার্থের চশমায় দেখার প্রবণতা জাতির সামষ্টিক চেতনাকে ক্ষতিগ্রস্ত করে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যখন জাতীয় পরিচয়ের জায়গায় দলীয় পরিচয় বড় হয়ে ওঠে, যখন ইতিহাসের চেয়ে রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে যায়, যখন যুক্তির চেয়ে আবেগ এবং সত্য অনুসন্ধানের চেয়ে পক্ষাবলম্বন প্রাধান্য পায়, তখন একটি জাতির মধ্যে অভিন্ন বোধ তৈরি হওয়া কঠিন হয়ে পড়ে।

আমাদের মনে রাখা দরকার, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণের জন্য শুধু উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো কিংবা অর্থনৈতিক সমৃদ্ধিই যথেষ্ট নয়। প্রয়োজন একটি সুস্পষ্ট জাতীয় দর্শন, প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ, প্রয়োজন ইতিহাসের প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি এবং প্রয়োজন এমন কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য, যেগুলো কোনো বিশেষ দল, গোষ্ঠী কিংবা সময়ের সম্পত্তি নয়; বরং সমগ্র জাতির সম্মিলিত উত্তরাধিকার।

আমরা যদি প্রতিটি বিষয়কে বিভাজনের হাতিয়ার বানাই, তাহলে ঐক্যের জায়গাটি কোথায় থাকবে? আমরা যদি অতীতের প্রতিটি অধ্যায়কে বর্তমানের রাজনৈতিক বিরোধের মাপকাঠিতে বিচার করি, তাহলে আগামী প্রজন্মের জন্য কোন অভিন্ন ইতিহাস রেখে যাব? আর নিজেদের পরিচয় নিয়েই যদি আমাদের মধ্যে স্থিরতা না থাকে, তাহলে ভবিষ্যতের স্বপ্নগুলোকে একই সুতোয় গাঁথব কীভাবে?

একটি জাতির শক্তি এই নয় যে, সেই জাতির সবাই একইভাবে চিন্তা করবে। বরং প্রকৃত শক্তি হলো—ভিন্ন চিন্তা ও মতাদর্শের মানুষও কিছু মৌলিক জাতীয় প্রশ্নে একে অপরের অবস্থানকে সম্মান করতে পারবে এবং বৃহত্তর স্বার্থে একসঙ্গে এগিয়ে যেতে পারবে।

কারণ, যে জাতি তার শেকড় নিয়ে দ্বিধাগ্রস্ত, তার পথচলাও বারবার দিক হারানোর ঝুঁকিতে থাকে। আর যে জাতি নিজের অস্তিত্বের ভিত্তিকে সম্মান করতে শেখে, তার পক্ষেই ভবিষ্যতের জন্য একটি অভিন্ন স্বপ্ন নির্মাণ করা সম্ভব।

আমাদের প্রয়োজন ইতিহাস নিয়ে প্রতিহিংসা নয়, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা। প্রয়োজন পরিচয় নিয়ে বিভাজন নয়, পরিচয়ের ভিত্তিতে দায়িত্বশীল ঐক্য। কারণ ভবিষ্যৎ কখনো শূন্য থেকে নির্মিত হয় না; ভবিষ্যতের ভিত সব সময় প্রোথিত থাকে অতীতের মাটিতেই।

লেখক : উর্মী রহমান সোনিয়া, প্রভাষক
গার্হস্থ্য বিজ্ঞান, ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া, মহেশপুর, ঝিনাইদহ
। 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!