হুমায়ুন আজাদের 'নারী' এবং শত্রুদের অযাচিত মিথ্যাচার
কেবল মৌলবাদীরাই নন—ছফা-সলিমুল্লাহ-মজহার ভক্তরাও নিরন্তরভাবে হুমায়ুন আজাদের বিরোধিতা করতে গিয়ে মিথ্যা ও প্রতারণারই আশ্রয় নিচ্ছেন৷ হাজারটা ব্যক্তিগত মিথ্যা বলা ছাড়াও তাঁর রচিত নারী বইটি নিয়েও মিথ্যাচার করেন৷
'নারী' ১৯৯২ সালে প্রকাশিত হয়ে বিপুল জনপ্রিয়তা লাভ করলেও ১৯৯৫ সালে নিষিদ্ধ হয় কিন্তু ২০০০ সালে হাইকোর্ট নিষেধাজ্ঞার আদেশ অবৈধ ঘোষণা করে৷ কিন্তু মিথ্যাচার থেমে নেই৷
ছফার সাথে আজাদ বিতর্কে জড়িয়েছেন বহুবারই৷ ছফাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন৷ সেটার তীব্র প্রতিক্রিয়া নাটকীয়ভাবে দেখাতেন ছফা৷ এখন দেখছি তাঁর অন্ধ অনুসারীরাও একইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন৷
ছফা-সলিমুল্লাহ নারী বইটিকে সিমোন দ্য বোভোয়ারের 'দ্য সেকেন্ড সেক্স' এর নকল দাবি করেন৷ হুমায়ুন আজাদ বিভিন্ন লেখায় ও সাক্ষাৎকারে 'নারী' লেখার প্রেক্ষাপট বর্ণনা করেছেন৷ সেকেন্ড সেক্সই তাঁকে নারী লিখতে অনুপ্রাণিত করেছে সেটাও বলেছেন৷
বইটি লিখতে গিয়ে নারী বিষয়ক অসংখ্য বই দেশ-বিদেশ থেকে সংগ্রহ করেছেন৷ কম্পিউটারে নোট নিয়েছেন এবং শেষে নিজের মতো করেই আমাদের প্রেক্ষাপটেই লিখেছেন৷ অসংখ্য জায়গায় যথাযথভাবে উদ্বৃতি দিয়েছেন৷ এ ধরনের বই এভাবেই লেখা হয়৷ নতুন আরেকটি অভিযোগ দেখলাম আজাদ নাকি সেকেন্ড সেক্স নিজের নামেই ছেপেছেন, অনুবাদক না লিখে৷ এগুলো সবই মিথ্যাচার৷
২০০১ সালের একুশে বইমেলায় হুমায়ুন আজাদের রূপান্তরে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। বইটির প্রচ্ছদ, ভেতরের ফ্ল্যাপ এবং মূল পাতায় 'মূল: সিমোন দ্য বোভোয়ার এবং অনুবাদ/রূপান্তর: হুমায়ুন আজাদ' হিসেবেই উল্লেখ করা ছিল, এখনও আছে। এটার হাজারটা প্রমাণ দেখালে বলবে, অন্য সংস্করণে নিজের নাম দিয়েছে৷ অথচ আজাদ সবসময়ঈ লেখক হিসেবে সততার পরিচয় দিয়েছেন৷
হুমায়ুন আজাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নির্দিষ্ট অপপ্রচার ও ভুল ব্যাখ্যা চালানো হয়েছে ও হচ্ছে। হুমায়ুন আজাদ তার বিভিন্ন বই ও প্রবচনে সামাজিক কুসংস্কার, ভণ্ডামি ও ধর্মান্ধতার কঠোর সমালোচনা করেছেন।
তার এই প্রথাবিরোধী ও মুক্তমনা চিন্তাকে একশ্রেণির মানুষ সম্পূর্ণ 'ইসলাম বিরোধী' হিসেবে প্রচার করে তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে। তার রাজনৈতিক ব্যঙ্গধর্মী উপন্যাস 'পাক সার জমিন সাদ বাদ' প্রকাশের পর এটিকে ইসলামবিরোধী হিসেবে আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হয়, যা মূলত তাঁর ওপর প্রাণঘাতী হামলার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল৷ মূলত তিনি অবিশ্বাসী ছিলেন৷
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই হুমায়ুন আজাদের নামে এমন অনেক উক্তি বা প্রবচন চালিয়ে দেওয়া হয় যা তিনি কখনো লেখেননি বা বলেননি। উক্তিগুলোকে খণ্ডিত বা বিকৃতভাবে উপস্থাপন করে তার আদর্শ ও ব্যক্তিত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। দুঃখজনক তাঁর কন্যাদের নিয়েও মিথ্যাচার করা হয় জঘন্য মানসিকতা নিয়ে৷
তার প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ অবস্থানকে ভিন্ন রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্যে ব্যবহার করে তাঁকে নির্দিষ্ট কোনো দলের তকমা দেওয়ার অপচেষ্টা করা হয়, যদিও তিনি আজীবন কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন না।
তাঁর বাড়ির সামনে বিশাল এক সাইনবোর্ড বসিয়ে বঙ্গবন্ধু সম্পর্কে কী ইতিবাচক বলেছেন তার প্রচার করা হয়েছে৷ বঙ্গবন্ধুর বিরুদ্ধে তিনি যে বিস্তর লিখেছিলেন তা শেখ হাসিনার আমলে গোপন করা হয়েছে৷
‘নারী’ গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম সামগ্রিক ও তাত্ত্বিক নারীবাদী গবেষণা গ্রন্থ। এই বইটিতে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান, ঐতিহাসিক অবদমন, লৈঙ্গিক রাজনীতি এবং নারীমুক্তির তত্ত্ব অত্যন্ত সাহসিকতার সাথে বিশ্লেষণ করা হয়েছে৷ বইটির মোট অধ্যায় ২১-২৪টি। বইটিতে বাস্তবে কী আছে?
=> পুরুষতান্ত্রিক সমাজ কীভাবে নিজের স্বার্থে ঈশ্বর ও ধর্মের দোহাই দিয়ে নারীর অবস্থান নির্ধারণ করেছে তার আলোচনা।
=> লিঙ্গভিত্তিক বৈষম্য এবং ক্ষমতা প্রদর্শনের রাজনীতি।
=> পুরুষ সমাজ কীভাবে নারীকে কখনো দেবীর আসনে বসিয়ে আবার কখনো ডাইনি বা দানবী বানিয়ে শোষণ করেছে।
=> মানব ইতিহাসের একটি নির্দিষ্ট পর্বে মাতৃতান্ত্রিক সমাজ ভেঙে পিতৃতন্ত্রের উত্থান এবং নারীর দাসত্বে বন্দি হওয়ার ইতিহাস।
=> বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আইন কীভাবে নারীকে শৃঙ্খলিত করেছে তার বিশ্লেষণ।
=> সিগমুন্ড ফ্রয়েডের মনস্তাত্ত্বিক তত্ত্বে নারীর অবমূল্যায়ন এবং তার সমালোচনা।
=> ফরাসি দার্শনিক রুশো, ইংরেজ চিন্তাবিদ রাসকিন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নারীভাবনার সীমাবদ্ধতা বা পুরুষতান্ত্রিক মানসিকতা এবং একই সাথে জন স্টুয়ার্ট মিলের নারীমুক্তির দর্শনের তুলনামূলক আলোচনা।
=> মেরি ওলস্টোনক্র্যাফট, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বেগম রোকেয়াসহ উপমহাদেশ ও পশ্চিমা বিশ্বের যেসব সংস্কারক নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন, তাদের তাত্ত্বিক ও বাস্তব অবদান নিয়ে আলোচনা।
=> নারীর শারীরিক ও লৈঙ্গিক পরিচিতি এবং একে ঘিরে থাকা সামাজিক ট্যাবু।
=> একটি মেয়ের শৈশব থেকে তরুণী হয়ে ওঠার মনস্তাত্ত্বিক ও সামাজিক রূপান্তর।
=> প্রাত্যহিক জীবনে নারীর আকাঙ্ক্ষা, যৌনতা, পারিবারিক নির্যাতন ও বৈবাহিক জীবনের টানাপোড়েন।
=> পুরুষতান্ত্রিক ক্ষমতার চরম নৃশংস রূপ হিসেবে ধর্ষণের মনস্তত্ত্ব ও সামাজিক দৃষ্টিভঙ্গি।
=> সাহিত্যে নারীবাদী সমালোচনার ফ্রেমওয়ার্ক।
=> উনিশ শতকে বাংলায় আধুনিক শিক্ষার আলোয় 'ভদ্রমহিলা' শ্রেণির বিকাশ ও তার সীমাবদ্ধতা।
=> বাংলা সাহিত্যের নারী ঔপন্যাসিকদের লেখায় নারীরা কীভাবে চিত্রিত হয়েছেন তার নারীবাদী বিশ্লেষণ।
সবশেষে লেখক নারী-পুরুষের সাম্যভিত্তিক এক নতুন সভ্যতার রূপরেখা অঙ্কনের মাধ্যমে বইটি শেষ করেছেন। সিমোনের বইটির সাথে এর মিল সামান্যই৷
সিমোন দ্য বোভোয়ারের বিখ্যাত নারীবাদী গ্রন্থ 'দ্য সেকেন্ড সেক্স' বইটির মূল বক্তব্য এবং কনটেন্টগুলোকে মূলত দুটি প্রধান খণ্ডে ভাগ করা হয়েছে। তা দেখলেই বই দুটির পার্থক্য স্পষ্ট হয়৷
সিমোনের বইটির সবচেয়ে বিখ্যাত উক্তি হলো: 'নারী হয়ে কেউ জন্মায় না বরং ক্রমান্বয়ে সে নারী হয়ে ওঠে।'
সিমোন যুক্তি দেখিয়েছেন যে, লিঙ্গ একটি জৈবিক বিষয়, কিন্তু লিঙ্গীয় ভূমিকা বা জেন্ডার হলো সমাজ কর্তৃক তৈরি একটি ধারণা। স্বাভাবিকভাবেই আজাদ এগুলো উল্লেখ করেই সমর্থন করেছেন৷
প্রথম খণ্ডে তিনি সমাজ, বিজ্ঞান এবং ইতিহাসের আলোকে নারীকে কীভাবে দেখা হয়েছে তা বিশ্লেষণ করেছেন৷ যাতে রয়েছে:
=> পুরুষ ও নারীর শারীরিক গঠনের ভিন্নতা থাকলেও, তা নারীকে প্রাকৃতিকভাবেই নিকৃষ্ট বা অবলা প্রমাণ করে না।
=> ফ্রয়েডের মনোবিজ্ঞান এবং কার্ল মার্ক্সের অর্থনৈতিক তত্ত্ব কীভাবে নারীর অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সম্পূর্ণ চিত্র তুলে ধরতে ব্যর্থ হয়েছে, তা তিনি দেখিয়েছেন।
=> প্রাচীনকাল থেকে শিকারী সমাজ, কৃষিজীবী সমাজ হয়ে আধুনিক পুঁজিবাদ পর্যন্ত কীভাবে নারীর শ্রম ও স্বাধীনতাকে সংকুচিত করা হয়েছে।
=> পুরুষ সাহিত্যিকদের লেখায় নারীকে হয় দেবী অথবা দানবী হিসেবে অবাস্তব ও কাল্পনিক রূপে উপস্থাপন করা হয়েছে, যা নারীর প্রকৃত রূপকে আড়াল করে।
দ্বিতীয় খণ্ডে নারীর বাস্তব অভিজ্ঞতা৷ এই খণ্ডে সিমোন একজন নারীর শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত জীবনের বিভিন্ন পর্যায় এবং
সামাজিক শৃঙ্খলগুলো নিয়ে আলোচনা করেছেন৷ যেমন:
=> মেয়ে শিশুদের ছোটবেলা থেকেই নিষ্ক্রিয়, বাধ্য এবং সুন্দর পুতুল হয়ে থাকার শিক্ষা দেওয়া হয়, যেখানে ছেলেদের দেওয়া হয় বীরত্ব ও স্বাধীনতার শিক্ষা।
=> নারীর প্রথম যৌন অভিজ্ঞতা এবং বিয়ে কীভাবে তাকে পুরুষের অধীনে একটি আইনি ও সামাজিক সত্তায় পরিণত করে।
=> মা হওয়া এবং ঘরের কাজকে নারীর একমাত্র হিসেবে চাপিয়ে দেওয়া হয়, যা তার সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে বাধাগ্রস্ত করে।
=> সমাজে নারী মূলত তিন ধরনের রূপ ধারণ করতে বাধ্য হয়—নার্সিসিস্ট (নিজেকে নিয়ে ব্যস্ত), প্রেমে মগ্ন (পুরুষের ওপর নির্ভরশীল) এবং রহস্যময়ী বা সাধ্বী।
বোভোয়ারের অস্তিত্ববাদী দর্শনের মূল কথা হলো—পুরুষ নিজেকে সমাজের প্রধান চরিত্র বা 'কর্তা' হিসেবে প্রতিষ্ঠা করেছে। আর নারীকে সে নিজের সাপেক্ষে সংজ্ঞায়িত করেছে 'অন্য' বা 'পরনির্ভরশীল সত্তা' হিসেবে। অর্থাৎ, পুরুষের অস্তিত্ব স্বতন্ত্র, কিন্তু নারীর অস্তিত্ব পুরুষের পরিপূরক মাত্র।
বইটির শেষে বোভোয়ার নারীদের মুক্তির জন্য কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ের ওপর জোর দিয়েছেন৷ নারীকে নিজের উপার্জনের ব্যবস্থা করতে হবে, যাতে সে পুরুষের ওপর নির্ভরশীল না থাকে৷ নিজের শরীরের ওপর নারীর পূর্ণ অধিকার থাকতে হবে।
সমাজ থেকে পিতৃতান্ত্রিক মানসিকতা দূর করতে পুরুষ ও নারী উভয়কেই একসাথে কাজ করতে হবে। আজাদও তাঁর মতো করে এসব কথা বলেছেন, তসলিমাসহ অন্যরাও বলেছেন৷ 'দ্য সেকেন্ড সেক্স' বইটিকে আধুনিক নারীবাদের অন্যতম ভিত্তিপ্রস্তর হিসেবে গণ্য করা হয়, যা নারীর সামাজিক অবস্থানকে সম্পূর্ণ নতুন এক দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে।
এ বই নারীবাদের একটি আকরগ্রন্থ হিসেবে যুগ যুগ ধরেই অন্য লেখকদের তথ্য যোগাবে৷ সে কারণে পরবর্তী গবেষণামূলক বইগুলোকে নকল বলার সুযোগ থাকবে না৷ আজাদের বইটি তেমনি একটি অসাধারণ বই—যা নারীকে জানার জন্য নারী ও পুরুষের অবশ্য পাঠ্য হিসেবেই বিবেচিত হয়ে আসছে৷ কিছু বিষয়গত মিল হয়তো দেখেছেন কিন্তু বিস্তারিত পড়তে গেলে দেখবেন তাতেও বিস্তর পার্থক্য রয়েছে৷
নারীকে নিয়ে বিস্তারিত লিখতে গেলে নারীর শরীর ও মনস্তত্ত্ব থাকবেই—তা দুজনের লেখাতেই আছে৷ আজাদ তাঁর বইটিকে যেভাবে উপস্থাপন করেছেন—তাতে দুটি বই যারা পড়েছেন অন্তত তারা নারীকে দ্য সেকেন্ড সেক্স এর নকল বলতে পারবেন না৷
লেখক : মুজিব রহমান, কলাম লেখক ও বিশ্লেষক