ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]
রামপুরায় ১০ লাখ টাকা চাঁদা দাবি

১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৪, ১৬ নভেম্বর ২০২৬
১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদসংলগ্ন স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী সাজু আহমেদ রুবেল (২৮) ও হাবিব (২৭) আহত হয়েছেন।

আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রুবেলের ডান পায়ে এবং হাবিবের বাঁ হাতে গুলি লেগেছে।

আহত হাবিব জানান, সন্ধ্যা ৭টার দিকে চার থেকে পাঁচজন যুবক প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালান। তাঁদের মধ্যে দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। কার্যালয়ে ঢুকেই হামলাকারীদের একজন বলেন, ‘টাকা দিলি না কেন?’ আরেকজন বলেন, ‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না।’ এসব কথা বলার পরপরই তাঁরা গুলি চালান।

সহকর্মীরা আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান। প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা জানান, ১৫ থেকে ২০ দিন আগে গুজা বাদশা ও জনি নামের দুই ব্যক্তি মুঠোফোনে তাঁদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন তাঁরা। এর পরই এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত হাবিবের গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব উপজেলায়। অন্যদিকে সাজু আহমেদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তাঁরা দুজনই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির কার্যালয়ে থাকতেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!