ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ মতামত ]

প্রসঙ্গ পরীমনি: ট্রল-ভাইরাল করা যখন জাতীয় বিনোদন!

মনিরা সুলতানা পাপড়ি
প্রকাশিত: ১৬:৫৩, ১০ নভেম্বর ২০২৬
প্রসঙ্গ পরীমনি: ট্রল-ভাইরাল করা যখন জাতীয় বিনোদন!
ফেসবুকের কাছে আপনি হাহা দিচ্ছেন, নাকি রাগ করে বলছেন, ম্যাটার করে না। ইন্টারেকশন ম্যাটার করে।  আপনি কতবার তাকে খুঁজে যাচ্ছেন তার প্রোফাইলে সেটা ম্যাটার করে।
  • এবার পরীমনির কথাই ধরুন। ফেসবুকে তাঁর প্রায় ১ কোটি ৭০ লাখ ফলোয়ার! এত বড় অডিয়েন্সের বাণিজ্যিক মূল্য কতটা, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? মানে আপনার আমার চোখে না ফেইসবুকের চোখে দেখুন। 

Pori Moni কে নিয়ে নিন্দা বা প্রশংসা আমি কোনটাই করতে চাই না। এমনি তো কারো ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাতে পছন্দ করি না আমি। তবে এটা ঠিক, যে মুহূর্তে মেয়েটার কোন কিছু ভালো লাগে, সেই মুহূর্তে মেয়েটা এমন এক একটা কাজ করে বসে, যে তখন আসলে কনফিউজড হয়ে যাই ওকে নিয়ে আসলে কি বলবো? 

তবে মা হিসেবে পরিমনিকে আমার আসলেই খুব ভালো লাগে। 
কাউকে নিয়ে ভালো কথা আমি বলতেই পারি তবে মন্দ কথা বলতে চাই না। 
সম্পূর্ণ ভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু  কথা বলতে চাই। 

বাংলাদেশে কাউকে ট্রল করে ভাইরাল বানানোটা মনে হয় আমাদের একটা জাতীয় বিনোদন! অথচ যাকে নিয়ে আপনি হাসাহাসি করছেন, সে হয়তো আপনার সেই হাসাহাসিকেই লাখ লাখ টাকার ব্যবসায় পরিণত করছে!

একটু খেয়াল করে দেখুন, হিরো আলম, অপু ভাই, লায়লা,বারিশা হক,বর্ষা চৌধুরী, রুমি কারিম,প্রিন্স মামুন—এদের নিয়ে কত ট্রল হয়েছে! মানুষ ভিডিও দেখেছে, হাহা দিয়েছে, বন্ধুদের ট্যাগ করেছে। কিন্তু দিনের শেষে লাভটা কার হয়েছে? এই মনোযোগকে কাজে লাগিয়ে তাঁরা নিজেদের পরিচিতি আর মার্কেট ভ্যালু তৈরি করেছেন।

সাইকোলজিতে  Social Comparison বলে একটা ব্যাপার আছে। 
অনেক সময় অন্যকে ছোট করে আমরা নিজের সম্পর্কে একটু ভালো অনুভব করি। আবার Schadenfreude মানে অন্যের বিব্রতকর অবস্থায় আনন্দ পাওয়া। আর সোশ্যাল মিডিয়ায় 
Online Disinhibition Effect-এর কারণে মানুষ এমন সব মন্তব্য করে, যা সামনাসামনি বলার সাহস হয়তো পেত না। অবশ্য সবাই একই কারণে ট্রল করে না।

এবার পরীমনির কথাই ধরুন। ফেসবুকে তাঁর প্রায় ১ কোটি ৭০ লাখ ফলোয়ার! এত বড় অডিয়েন্সের বাণিজ্যিক মূল্য কতটা, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? মানে আপনার আমার চোখে না ফেইসবুকের চোখে দেখুন। 

একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটুকু জানি, ফেসবুকে এখন কনটেন্ট মনিটাইজেশন থেকে মাসে কয়েক কয়েক লাখ, এমনকি তারও বেশি টাকা আয়ের সুযোগ আছে। Meta-র তথ্য অনুযায়ী, ২০২৫ সালেই ফেসবুক ক্রিয়েটরদের প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার দেওয়া হয়েছে!

ধরুন, পরীমনির পেইজে মাসে ৫ কোটি  ভিউ হলো। প্রতি হাজার ভিউতে গড়ে মাত্র ২০ সেন্ট আয় হলেও মাসে প্রায় ১২ লাখ টাকা! আর ১০ কোটি যোগ্য ভিউ হলে প্রায় ২৪ লাখ টাকা! এটা অবশ্যই একটা উদাহরণ, তাঁর প্রকৃত আয়ের হিসাব নয়। কারণ ফলোয়ার থাকলেই টাকা আসে না, মনিটাইজেশন চালু থাকতে হয়, ভিউ থাকতে হয়।

তার ওপর তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী। ব্র্যান্ড প্রমোশন, বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি—এসব থেকেও আয়ের সুযোগ আছে। তাই তাঁর দামি গাড়ি, বাড়ি কিংবা বিলাসী জীবন দেখে অবাক হওয়ার আগে তাঁর পেশার বাণিজ্যিক দিকটাও বোঝা দরকার। অবশ্য জনপ্রিয়তা থাকলেই সব আয়ের উৎস বৈধ প্রমাণিত হয় না। প্রশ্ন করা আর প্রমাণ ছাড়া অভিযোগ করা এক বিষয় নয়।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা নিজেরাই পরীমনির পোস্টে গিয়ে হাহা দিই, দশটা কমেন্ট করি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গবেষণা করি, তারপর আবার প্রশ্ন করি, এই মানুষটা এত জনপ্রিয় হলো কীভাবে! আরে ভাই, আপনি যাকে সহ্য করতে পারেন না, তার প্রতিটা পোস্টের খবরও রাখেন! তাহলে সে জনপ্রিয় হবে না তো কে হবে? 

মনে রাখবেন, আপনার প্রতিটা হাহা রিঅ্যাকশন থেকে সরাসরি টাকা না এলেও আপনার মনোযোগ তাঁর রিচ আর পরিচিতি বাড়াতে সাহায্য করতে পারে।

ফেসবুকের কাছে আপনি হাহা দিচ্ছেন, নাকি রাগ করে বলছেন, ম্যাটার করে না। ইন্টারেকশন ম্যাটার করে।  আপনি কতবার তাকে খুঁজে যাচ্ছেন তার প্রোফাইলে সেটা ম্যাটার করে। 

আপনি কতবার তার পোস্ট শেয়ার করছেন বিশেষ করে ইদানিং ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী, আপনি ইনবক্সে কোন পোস্ট কত বেশি শেয়ার করছেন সেটাও ম্যাটার করে। তাই পরীমনি বলুন কিংবা বাকি সবাইকে নিয়ে বলুন যাদেরকে আপনারা পছন্দ করেন না, তাদেরকে ফ্রি মার্কেটিং আপনারাই করে দিচ্ছেন। 

এবার বলেন তো, সোশ্যাল মিডিয়ায় কাউকে বেশি জনপ্রিয় করে কারা—যারা তাকে ভালোবাসে, নাকি যারা তাকে অপছন্দ করেও সারাক্ষণ তার পেছনে লেগে থাকে?

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!