ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বাস-ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ, আটক ৩

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ১০ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে বাস-ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ, আটক ৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর, মঙ্গলবার ভোররাত থেকে নগরের খুলশী ও সিটি গেট এবং হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া উপজেলায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় পেট্রোল বোমাসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণের পর অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকটির কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে নিরাপত্তাকর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে ব্যাংকের কিছু নথিপত্র পুড়ে গেছে। নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অন্যদিকে, হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুটি বাসে ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশ ধাওয়া করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে। তাঁদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বাস ভাঙচুরের সময় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর কথা জানিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে, নগরের আকবর শাহ থানার অধীন সিটি গেটের মনসুরাবাদ এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। দুর্বৃত্তরা অটোরিকশায় এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এছাড়া খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, নগরের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!