অবশেষে নিখোঁজ বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা
অবশেষে নিখোঁজ বাবার সন্ধান পেয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। প্রায় ৯ থেকে ১০ ঘণ্টা খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে ফিরে পেয়েছেন। বাবাকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মেঘলা। একই সঙ্গে বাবার সন্ধান পেতে সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। যাঁরা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
বাবার সন্ধান পাওয়ার বিষয়ে মেঘলা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার ছবি দেখে এক ব্যক্তি তাকে শনাক্ত করেন। পরে ফোন করে পরিবারকে বিষয়টি জানান। পাশাপাশি এসআরবির তৎপরতায় বাবার মুঠোফোন নম্বর অনুসরণ করেও তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। দীর্ঘ ৯-১০ ঘণ্টার খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে ফিরে পান।
তবে বাবার শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বিগ্ন মেঘলা। তিনি জানান, তার বাবা বেশ অসুস্থ। বাবাকে ফিরে পাওয়াকেই আপাতত সবচেয়ে বড় স্বস্তি হিসেবে দেখছেন তারা। বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।
এর আগে সোমবার রাত ৮টার দিকে রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হন মেঘলার বাবা। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে তার শেষবার কথা হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
রাতভর খোঁজাখুঁজি করেও বাবার সন্ধান না পেয়ে ফেসবুকে তার ছবি পোস্ট করে সবার সহযোগিতা চান মেঘলা। বাবার অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালেও খোঁজ নেওয়া হয়েছে। পরে উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।