গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, বিক্ষোভ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণ ও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনার প্রতিবাদ জানান।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানগুলো হলো কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙ্গারহাট টিটি উচ্চবিদ্যালয়। একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ফটকে তালা দেখতে পান সংশ্লিষ্টরা। পরে উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখের নেতৃত্বে নেতা-কর্মীরা তালা ভেঙে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক করেন।
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।
কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন বলেন, রাতে কে বা কারা মাদ্রাসার প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। সকালে এসে তারা তালা দেখতে পান। পরে তা ভেঙে মাদ্রাসায় প্রবেশ করেন। তবে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক ছিল।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধে উপজেলায় তেমন কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মতো জনজীবন স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির মধ্যেও কোটালীপাড়ায় যানবাহন চলাচল, ব্যাংক-বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কার্যক্রম স্বাভাবিক ছিল।