ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির আহ্বান গোপালগঞ্জে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:১২, ৮ নভেম্বর ২০২৬
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির আহ্বান গোপালগঞ্জে
ছবি: ডেইলি বাংলাদেশ

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে গোপালগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ।

সকালে জেলা সমবায় কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, জেলা সমবায় কর্মকর্তা আকলিমা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌসিক আহমেদ এবং সমবায় সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সমবায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে দিবসটি উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে জেলা প্রশাসন, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম হলো সমবায়। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে সমবায়ভিত্তিক উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

তারা আরও বলেন, সমবায় আন্দোলনকে কার্যকর ও টেকসই করতে সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমবায়ীদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় এনে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!