ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

তিন দিনেই তটিনীর ‘মন দুনিয়া’র ভিউ কোটি পার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩৬, ১০ নভেম্বর ২০২৬
তিন দিনেই তটিনীর ‘মন দুনিয়া’র ভিউ কোটি পার
ছবি: সংগৃহীত

এক কোটি ভিউ ছাড়িয়েছে ‘মন দুনিয়া’ নাটক মুক্তির পর মাত্র তিন দিনেই। প্রতিবেদনটি লেখার সময়ে নাটকটির ভিউ ১ কোটি ৯ লাখেরও বেশি। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।

৬ নভেম্বর দুপুরে ইউটিউবে মুক্তি পায় ইমরাউল রাফাতের এ নাটকটি। কোটি ভিউয়ের সঙ্গে ১ লাখ ২৩ হাজারের বেশি লাইক আর সাড়ে পাঁচ হাজারের বেশি মন্তব্য এসেছে নাটকটিতে। কিন্তু কী আছে এই নাটকে এবং কেন এত দর্শক দেখছে এটি?

নাটকের গল্পে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়ে আবির তথা তৌসিফ। সেখান থেকেই সহপাঠী তুলি তথা তটিনীর সঙ্গে তার বন্ধুত্বের শুরু। একই বন্ধুমহলের রাতুল প্রকাশ্যে তুলিকে প্রেমের প্রস্তাব দিলে গল্পে তৈরি হয় নতুন মোড়। রাতুলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তুলি জানিয়ে দেয়, সে ভালোবাসে আবিরকে। কিন্তু বন্ধুত্বের কথা ভেবে নিজের অনুভূতি আড়াল করে দূরে সরে যেতে চায় আবির। এতে দুজনের মধ্যে তৈরি হয় মানসিক দূরত্ব। এরপর দুই পরিবারের বিরোধিতা এবং বাবার দেওয়া শর্তে আরও জটিল হয়ে ওঠে তাদের সম্পর্ক। পারিবারিক মর্যাদা ও বাবার অভিমানের কাছে একসময় হার মানতে হয় আবির ও তুলিকে। বিচ্ছেদের পর পেরিয়ে যায় দেড় বছরেরও বেশি সময়। দীর্ঘ অপেক্ষা, নীরবতা ও দূরত্বের পর তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।

‘মন দুনিয়া’ নাটকটি এসেছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। বলা হচ্ছে, সবচেয়ে দ্রুত সময়ে এক কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে এটি। এই অর্জনে দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা ও শিল্পীরা। প্রযোজক জানিয়েছেন, এবার তাদের লক্ষ্য এক দিনেই নাটকের এক কোটি ভিউ অর্জন করা। ‘মন দুনিয়া’র গল্প ও চিত্রনাট্য অভ্র মাহমুদের। এতে তৌসিফ ও তটিনীর সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর ও শিল্পী সরকার অপু।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!