পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ
জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে সব ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে তাকে।
রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। চলচ্চিত্র, ভিডিও, অডিওভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এসব কর্মকাণ্ডের কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।