ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘ইত্যাদি’ দেখতে গিয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল চুরি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪, ৮ নভেম্বর ২০২৬
‘ইত্যাদি’ দেখতে গিয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল চুরি
ছবি: সংগৃহীত

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে জয়পুরহাটের কালাইয়ে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। এই বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে দর্শকদের দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলে।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে দর্শকরা আসতে শুরু করেন। একপর্যায়ে মাঠে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়।

দর্শকদের নিরাপত্তায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

তবে এত নিরাপত্তার মধ্যেও ভিড়ের সুযোগ নিয়ে পেশাদার চোর ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হয়। অনুষ্ঠান শেষে অনেক দর্শক নিজেদের ফোন খুঁজে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, সব মিলিয়ে চুরি যাওয়া মোবাইল ফোনের সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক হতে পারে।

তিনি আরও জানান, অনুষ্ঠানস্থল থেকে চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!