ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক; ভারতে কেন থাকেন নোরা ফাতেহি?

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ৭ নভেম্বর ২০২৬
মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক; ভারতে কেন থাকেন নোরা ফাতেহি?
ছবি: সংগৃহীত

২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলায় সাক্ষ্য দিতে ভারতের দিল্লির আদালতে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। মামলার অন্যতম অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তদন্তে তাঁর নাম আসে।

শুক্রবার (৬ নভেম্বর) আদালতে নিজের বক্তব্য দেওয়ার সময় ভারতে অবস্থানের কারণও ব্যাখ্যা করেন নোরা। তিনি জানান, টি-সিরিজের সঙ্গে কাজের জন্য ওয়ার্কিং ভিসা নিয়ে ভারতে রয়েছেন। এ সময় চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতকে তথ্য দেন তিনি।

এর আগে নোরাকে দুই দফা আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছিল। চলতি মাসের শুরুতে তাঁর আইনজীবী হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এতে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। সাক্ষী হিসেবে নোরার আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আদালতের নির্দেশকে অবহেলা না করার বিষয়ে সতর্ক করেন।

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ফোর্টিস হেলথকেয়ারের কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতির কাছ থেকে তাঁর স্বামীর জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে এই অর্থ হাতিয়ে নেন সুকেশ ও তাঁর সহযোগীরা।

সুকেশ ও তাঁর স্ত্রী লীনা পলসের সঙ্গে যোগাযোগের বিষয়ে নোরাকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরে সম্পূরক অভিযোগপত্রে তাঁকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। পুলিশের দাবি, নোরা ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের কয়েকজন অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ।

২০২২ সালে নোরাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি বলে এর আগে জানিয়েছিলেন অভিনেত্রী।

নোরা ফাতেহির পারিবারিক শিকড় মরক্কোয়। তাঁর জন্ম কানাডার কুইবেকের মন্ট্রিয়লে। তিনি কানাডার নাগরিক এবং সেখানেই বেড়ে ওঠা ও পড়াশোনা করেছেন। কাজের সূত্রে ওয়ার্কিং ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!