ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরিতে দুইশ পেরোল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩, ৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরিতে দুইশ পেরোল বাংলাদেশ
সংগৃহীত ছবি

প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড গড়ার পর এবার আন্তর্জাতিক টেস্টেও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তাওহীদ হৃদয়। সতীর্থদের একের পর এক উইকেট পতনের মধ্যে দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার। তাঁর শতকের ওপর ভর করেই সিলেট টেস্টের প্রথম ইনিংসে দুইশ রানের গণ্ডি পেরিয়েছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শনিবার মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। ক্যারিবীয়দের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৫১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

১৭১তম বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান হৃদয়। এরপর হেলমেট খুলে ব্যাটের হাতলে রেখে উদযাপন করেন স্মরণীয় এই মুহূর্ত। বিরতিতে যাওয়ার আগে ১৭১ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০০ রান করে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। হৃদয়ের সঙ্গে ক্রিজে অপরাজিত আছেন তাইজুল ইসলাম, তাঁর সংগ্রহ ১ রান।

এর আগে দিনের খেলা শুরু হয় ৩ উইকেটে ৮৮ রান নিয়ে। শুরুতে মুশফিকুর রহিম ও হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে জোমেল ওয়ারিকানের বলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ৩৪ রানে ফেরেন মুশফিক। এতে হৃদয়ের সঙ্গে তাঁর ৭৩ রানের জুটি ভেঙে যায়।

এরপর ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন লিটন দাস। দুটি বাউন্ডারি হাঁকালেও ওয়ারিকানের বলে ড্রাইভ করতে গিয়ে কাভারে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

হৃদয়ের সঙ্গে মেহেদী হাসান মিরাজের জুটিও আশা জাগিয়েছিল। তবে ৪১ রানের জুটি গড়ার পর রোস্টন চেজের বলে প্যাডেল শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন মিরাজ। প্রথম স্লিপ থেকে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন জাস্টিন গ্রিভস। ১৬ রান করে ফেরেন মিরাজ।

এরপর দ্রুতই উইকেট হারায় বাংলাদেশ। ওয়ারিকানের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ৬ রানের ব্যবধানে আউট হন হাসান মাহমুদ। ১৮৪ রানে সপ্তম উইকেট হারানোর পরও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়।

তবে তাঁর এই ইনিংসকে কার্যকর করতে হলে বাকি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!