ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিদেশফেরতদের জন্য জেলায় জেলায় ওয়ান-স্টপ সেবার তাগিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৫, ২৯ নভেম্বর ২০২৬
বিদেশফেরতদের জন্য জেলায় জেলায় ওয়ান-স্টপ সেবার তাগিদ
ছবি সংগৃহীত

টাঙ্গাইলে ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত জেলা কর্মশালায় বিদেশফেরত কর্মীদের পুনরেকত্রীকরণ, দক্ষতা উন্নয়ন ও সহজে সরকারি সেবা পাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বক্তারা বলেছেন, বিদেশফেরত কর্মীদের সমাজ ও অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য প্রতিটি জেলায় ওয়ান-স্টপ সেবা চালুর পাশাপাশি বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচার চালানোর আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইলের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ‘বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রকল্পটি বাস্তবায়ন করছে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ শর্মা বলেন, বিদেশফেরত অনেক কর্মীই জানেন না কোথায় গেলে প্রয়োজনীয় সেবা ও সহায়তা পাওয়া যাবে। তাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, সেবা ও সহায়তামূলক কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন। একই সঙ্গে প্রতিটি জেলায় ওয়ান-স্টপ সেবা চালু করা গেলে বিদেশফেরত কর্মীদের ভোগান্তি কমবে।

তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি দপ্তরের ডেটাবেজ ও তথ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো গেলে বিদেশফেরত কর্মীরা তাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত সেবা নিতে পারবেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার মোহাম্মদ হোসেন খান। তিনি বলেন, পুনরেকত্রীকরণ শুধু আর্থিক সহায়তা দেওয়ার বিষয় না এর সঙ্গে সামাজিক গ্রহণযোগ্যতা, মানসিক সুস্থতা ও মর্যাদার বিষয়ও জড়িত। বিদেশ থেকে ফিরে আসা একজন কর্মীকে তার অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে নতুনভাবে জীবন গড়ার সুযোগ করে দিতে হবে। এ জন্য প্রকল্পের আওতায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও সহায়তা পাওয়ার পথনির্দেশনা তুলে ধরেন তিনি।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস কে এম জিয়াউল বারী বলেন, বিদেশফেরত কর্মীদের পুনরেকত্রীকরণে ব্র্যাকের উদ্যোগ প্রশংসনীয়। তাদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কিংবা যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ব্র্যাককে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ বলেন, এ ধরনের কর্মশালা আরও বড় পরিসরে আয়োজন করা প্রয়োজন। সম্প্রতি গণমাধ্যমে একজন বিদেশফেরত কর্মীকে শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ব্র্যাকের উদ্যোগের কথা জেনেছেন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের মানবিক ও প্রশংসনীয় কার্যক্রম আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম বলেন, বিদেশে যাওয়ার আগে কর্মীদের যেমন কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের প্রয়োজন হয়, তেমনি বিদেশ থেকে ফিরে আসা কর্মীদেরও প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা জরুরি। এতে তারা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে দেশে কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, বিদেশগামী ও বিদেশফেরত কর্মীদের তালিকা সংরক্ষণ করা হচ্ছে। যারা বিদেশে যাচ্ছেন, তাদের যেমন সহায়তার প্রয়োজন, তেমনি যারা ফিরে আসছেন, তাদেরও সহায়তা দরকার।

কর্মশালায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়, প্রবাসী কল্যাণ সেন্টার, সমাজসেবা অধিদপ্তর, প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, রামরু, ব্লাস্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের তথ্য অনুযায়ী, ২০০৬ সাল থেকে বিদেশফেরত কর্মীদের জন্য তাদের প্রকল্পে দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক পরামর্শ, কর্মসংস্থান বিষয়ে দিকনির্দেশনা, জরুরি সহায়তা ও বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা পাওয়ার জন্য সংযোগ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রকল্পটির লক্ষ্য কর্মীদের দীর্ঘমেয়াদি সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!