ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
যান্ত্রিক ত্রুটিতে ইউএস-বাংলার ফ্লাইটের উড্ডয়ন বাতিল, নিরাপদে নামলেন যাত্রীরা
ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় উড্ডয়ন বাতিল করা হয়েছে। এ সময় রানওয়েতে চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া তৈরি হলে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটির উড্ডয়নের ঠিক আগে এ ঘটনা ঘটে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উড্ডয়নের আগে ককপিটে যন্ত্রের নির্দেশনায় অসংগতি দেখা দিলে পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেশন মিসম্যাচের কারণে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উড্ডয়ন বাতিলের সময় রানওয়ের সঙ্গে উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া তৈরি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।
নির্ধারিত নিরাপত্তাপদ্ধতি অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে সব যাত্রীকে নামিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নেওয়া হয়।
ইউএস-বাংলা জানিয়েছে, ফ্লাইটটির সব যাত্রী নিরাপদে রয়েছেন। তাঁদের নিয়ে কিছুক্ষণের মধ্যে সংস্থাটির অন্য একটি উড়োজাহাজ জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা।