ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জনগণের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, জানার অধিকার সবার: প্রধান তথ্য কমিশনার

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ২৯ নভেম্বর ২০২৬
জনগণের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, জানার অধিকার সবার: প্রধান তথ্য কমিশনার
বক্তব্য দিচ্ছেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরীন ইসলাম খান। ছবি: ডেইলি বাংলাদেশ

জনগণের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরীন ইসলাম খান। তিনি বলেছেন, তৃণমূল পর্যায়ে তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে সচেতন করা এবং আইনসম্মত উপায়ে অধিকার আদায়ের পদ্ধতি শেখানো কমিশনের অন্যতম লক্ষ্য।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, তৃণমূল পর্যায়ে তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো এবং রাস্তাঘাট বন্ধ না করে আইনসম্মত উপায়ে অধিকার আদায়ের পদ্ধতি শেখানোই তাদের মূল লক্ষ্য। তথ্য সপ্তাহের উদ্বোধনী আয়োজনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিষয়টি স্বজনপ্রীতির মতো শোনালেও জনগণের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার অধিকার সবার রয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তথ্য কমিশন নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছে। কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার দায়িত্ব দেশের সাধারণ মানুষেরও রয়েছে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!