ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
নোয়াখালীতে সড়কে আগুন ও গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে সড়কে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯), চরফকিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), একই এলাকার কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা সড়কে ৩-৪ জন নেতাকর্মী আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে কিছুক্ষণ অবস্থান করেন। পরে ভোররাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে একটি বড় গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে সকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারের পর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।