ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রামদা-ঢাল হাতে মহাসড়কে বিএনপির অবস্থান, লকডাউন প্রতিরোধের ঘোষণা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২৯ নভেম্বর ২০২৬
রামদা-ঢাল হাতে মহাসড়কে বিএনপির অবস্থান, লকডাউন প্রতিরোধের ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদ ও তা প্রতিরোধের ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র, রামদা ও ঢাল হাতে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করছেন তারা।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ-মুকসুদপুর সীমান্তবর্তী চন্ডিবর্দী বাসস্ট্যান্ড এবং নগরকান্দার জয় বাংলা মোড় এলাকায় অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র, রামদা ও ঢাল দেখা যায়। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন তারা। দিনভর এ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে তারা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তি উপেক্ষা করে রাজপথে আন্দোলন চালিয়ে গেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, আওয়ামী লীগের ডাকা লকডাউনের নামে দেশে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তারা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নেতাকর্মীরা জানান, শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় তারা রাজপথে থেকে এ কর্মসূচি পালন করছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি রোধে তারা দৃঢ়প্রতিজ্ঞ। লকডাউনকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ডেইলি বাংলাদেশকে বলেন, সালথায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/শালথা/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!