ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আবাদি জমির টপ সয়েল যাচ্ছে ইটভাটায়, হুমকিতে কৃষি উৎপাদন
লালমনিরহাটে অবাধে কাটা হচ্ছে আবাদি জমির উর্বর উপরিভাগের মাটি (টপ সয়েল)। এসব মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়ছে ফসল উৎপাদন। অথচ জেলায় থাকা ৫৫টি ইটভাটার মধ্যে ৩৬টিই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এসব ইটভাটায় ইট উৎপাদন চলছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলায় আটটি ইটভাটার মধ্যে পাঁচটি, আদিতমারীতে ১৪টির মধ্যে ১০টি, কালীগঞ্জে ১২টির মধ্যে আটটি, হাতীবান্ধায় ১৭টির মধ্যে ১২টি এবং পাটগ্রামে চারটির মধ্যে একটি ইটভাটা অবৈধ। অনেক ইটভাটার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম চালানো হচ্ছে।
শুকনো মৌসুমে এসব ইটভাটার জন্য আবাদি জমির ওপরের দুই থেকে তিন ফুট পর্যন্ত মাটি কেটে নেওয়া হচ্ছে। এক শ্রেণির অসাধু মাটি ব্যবসায়ী কৃষকদের নানা প্রলোভন দেখিয়ে জমির উর্বর মাটি কিনে নিচ্ছেন। বিনিময়ে জমির মালিকদের জৈব সার কেনার কথা বলে সামান্য অর্থ দেওয়া হচ্ছে। পরে এসব মাটি ইটভাটায় বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করছেন ব্যবসায়ীরা।
কৃষি বিশেষজ্ঞদের মতে, জমির ওপরের চার থেকে ছয় ইঞ্চি মাটিতেই থাকে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ পুষ্টি উপাদান। এই স্তরের মাটি কেটে নেওয়া হলে জমির উর্বরতা মারাত্মকভাবে কমে যায়। ফলে অতিরিক্ত সার প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া কঠিন হয়ে পড়ে। এতে একদিকে উৎপাদন কমে, অন্যদিকে কৃষকের চাষাবাদের খরচ বেড়ে যায়।
মাটি ব্যবসায়ীরা উঁচু জমিকে লক্ষ্য করে জমির মালিকদের বোঝাচ্ছেন, জমি নিচু করলে সেচের পানির প্রয়োজন কমবে। এমন প্রলোভনে পড়ে অনেক কৃষক জমির মাটি বিক্রি করছেন। ব্যবসায়ীরা এক বছর একটি জমির মাটি কেটে নেওয়ার পর পরবর্তী বছর পাশের জমির মালিকদেরও একইভাবে মাটি বিক্রিতে উৎসাহিত করছেন। এভাবে ক্রমেই বিস্তৃত হচ্ছে কৃষিজমির উপরিভাগের মাটি বিক্রির প্রবণতা।
কৃষক মোফাজ্জল হোসেন (৬০) বলেন, এলাকার কৃষিজমিগুলো এক ফসলি। এ কারণে অনেক কৃষক জমির মাটি বিক্রি করে দেন। স্থানভেদে মাটির দামও ভিন্ন হয়। সম্প্রতি তিনি ২৮ শতক জমির মাটি আট হাজার টাকায় বিক্রি করেছেন।
পরিবেশ অধিদপ্তরের একটি সূত্র জানায়, লালমনিরহাটে ৫৫টি ইটভাটার মধ্যে অনুমোদন রয়েছে মাত্র ১৯টির। বাকি ৩৬টি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব ইটভাটার তালিকা স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। তবে জনবল সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। জনবল সংকট থাকলেও স্থানীয় প্রশাসন চাইলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে।
এদিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। কৃষিজমি ও জনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি এসব ইটভাটা স্থাপন করায় পরিবেশ ও কৃষি দুই ক্ষেত্রেই ঝুঁকি বাড়ছে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইখুল আরেফিন বলেন, জমির ওপরের ছয় থেকে আট ইঞ্চি গভীর পর্যন্ত মাটিতে উর্বরতা শক্তি থাকে। কোনো কারণে এই অংশের মাটি সরিয়ে নেওয়া হলে জমির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ফসলের উৎপাদন কমে যায়।
তিনি আরও বলেন, জমির টপ সয়েল তুলে ফেলার পর সেটি আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত পাঁচ থেকে সাত বছর চাষাবাদ করতে হয়। দীর্ঘ সময় উৎপাদন কম থাকায় ক্ষতিগ্রস্ত হন কৃষকরাই। এ কারণে ফসলি জমির মাটি বিক্রি না করার বিষয়ে সচেতনতামূলক সভা-সমাবেশ করা হচ্ছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান বলেন, কৃষকদের ফসলি জমির মাটি বিক্রি করতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের চাহিদা পাওয়া গেলে তাৎক্ষণিক অভিযান চালানো হচ্ছে।