ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সুন্দরবনে দস্যু বাহিনীর প্রধান আটক, জিম্মি জেলে উদ্ধার
সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত আসাবুর ডাকাত বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করেছে কোস্ট গার্ড। এ সময় দুটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এর আগে ডাকাতদের হাতে জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পৃথক আরেক অভিযানে ডাকাতদের রসদসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ রিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ উপজেলার শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় আসাবুর বাহিনীর সদস্যরা এক জেলেকে মুক্তিপণের জন্য জিম্মি করে রেখেছে।
এ তথ্যের ভিত্তিতে গত শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সেখানে অভিযান চালায়। এ সময় একটি কাঠের নৌকাসহ জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের গভীরে পালিয়ে যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে দাকোপের মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, এর আগেও ২০২৪ সালের ১২ নভেম্বর আসাবুর সানাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও সুন্দরবনে ডাকাতি শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
আটক আসাবুর সানা দাকোপ উপজেলার বাসিন্দা। উদ্ধার করা জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তি, জব্দ নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, শনিবার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন দোবেকি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতদের ব্যবহারের জন্য রাখা রসদ উদ্ধার করা হয়। তবে নৌকাটিতে কাউকে পাওয়া যায়নি। পরে নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ রিফাত বলেন, সরকারের নির্দেশনা, গণমাধ্যমসহ সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।