ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নতুন এক কেজি আলুর দামে মিলছে পুরাতন ৩ কেজি আলু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ২৯ নভেম্বর ২০২৬
নতুন এক কেজি আলুর দামে মিলছে পুরাতন ৩ কেজি আলু
আখাউড়ায় বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। বাজারে উঠা নতুন আলুর দাম রয়েছে বেশ চড়া। এক কেজি নতুন আলু ক্রয় করতে যে টাকা লাগছে সেই টাকায় পাওয়া যাচ্ছে তিন  কেজি পুরাতন আলু। দামের এমন ব্যবধানে নতুন আলুর প্রতি আগ্রহ থাকলেও অনেক ক্রেতা ঝুঁকছেন পুরাতন আলুর দিকে।

এদিকে পৌর শহরের সড়ক বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে নতুন আলুর সরবরাহ রয়েছে অনেকটাই সীমিত। মৌসুমের শুরুতে বাজারে নতুন আলু আসায় দাম রয়েছে তুলনামূলক অনেক বেশি। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। অন্যদিকে পুরাতন আলুর সরবরাহ বেশী থাকায় দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। প্রতি কেজি পুরাতন আলু বিক্রি হচ্ছে ২৫/২৮ টাকায়।

 অর্থাৎ এক কেজি নতুন আলুর দাম দিয়েই কেনা যাচ্ছে ৩ কেজি পুরাতন আলু।
বাজারে আসা ক্রেতাদের অনেকেই নতুন আলুর দাম শুনে তারা পুরাতন আলু ক্রয় করছেন। তবে কেউ কেউ আবার শখ করে অল্প পরিমাণে নতুন আলু কিনছেন।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন আলুর স্বাদ নেওয়ার আগ্রহ সবারই আছে। কিন্তু বাজারের বাড়তি দামের কারণে ইচ্ছা থাকলেও বেশি পরিমাণে কেনা সম্ভব হচ্ছে না। সংসারের অন্যান্য খরচ সামলাতে গিয়ে অনেকেই   কম দামের পুরাতন আলু বেছে ক্রয় করছে।

সবজি বিক্রেতা মো: লোকমান হোসেন বলেন, গত কয়েক দিন ধরে বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। এখনো পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম রয়েছে তুলনামূলক কিছুটা বেশি। সরবরাহ বাড়লে ধীরে ধীরে দাম কমে আসবে। অন্যদিকে পুরাতন আলুর দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতারা সেটিই বেশি ক্রয় করছেন।

বাজার করতে আসা ক্রেতা মো: নাসির উদ্দিন বলেন, পরিবারের সবাই আলু খেতে পছন্দ করে। বাজার করতে আসলেই প্রথমে আলু ক্রয় করতে হয়। আর নতুন আলু খেতে সবারই ভালো লাগে। বাজারে নতুন আলু দেখায় শখ হলো কেনার। কিন্তু দাম অনেক বেশি হওয়ায় স্বল্প পরিমানে কেনা হয়েছে।

মো: মহসিন মিয়া বলেন, নতুন আলু খেতে সবারই ভালো লাগে। কিন্তু দাম অনেক বেশি হওয়ায় ইচ্ছা থাকলেও ক্রয় করতে পারছি না। তাই পরিবারের চাহিদা মেটাতে পুরাতন আলু কেনা হয়েছে।


স্থানীয় লোকজনরা জানায়, আলু হলো মানুষের প্রতিদিনের খাদ্যতালিকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সবজি। ভর্তা, ভাজি, তরকারি কিংবা মাছ-মাংসের সঙ্গে আলুর ব্যবহার প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে। তাই আলুর দামের সামান্য পরিবর্তনও প্রভাব ফেলে সাধারণ মানুষের সংসার খরচে। সব মিলিয়ে নতুন আলুর আগমনে বাজারে মৌসুমি আমেজ তৈরি হলেও দামের কারণে এখনো তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে।  নতুন আলুর সরবরাহ বাড়ার পাশাপাশি দাম কমে এলে ক্রেতাদের আগ্রহও বাড়বে বলে তারা মনে করছেন।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!