ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আখাউড়ায় নিখোঁজের ২০ঘন্টা পর মিলল শিশুর মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর অবশেষে হাবিবা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে ভাসমান অবস্থার ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশু হাবিবা উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শোন লৌহঘর গ্রামের জসিম মিয়ার মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে পরিবারের লোকদের অজান্তে শোন লৌহঘর নিজ বাড়ি থেকে বের হয় শিশু হাবিবা।
অনেক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে শিশুটির মা জান্নাত আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
এদিকে রোববার সকালে নিজ বাড়ি সংলগ্ন ভূইঁয়া বাড়ির একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করা হয়।
শিশু হাবিবার চাচা মো: সায়েদুল ইসলাম বলেন, সকালে আমার বাবা ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়। এসময় পুকুরের মধ্যে একশি শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর আমাদেরকে ডাকাডাকি করতে লাগে। দ্রুত এসে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে সেটি হাবিবার বলে সনাক্ত করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) মো: তানভীর আহমেদ নিহত হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।