ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ২৯ নভেম্বর ২০২৬
তজুমদ্দিনে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা
তজুমদ্দিনে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তের। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও পল্লী বিদ্যুতের কর্মী ও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।

জানা গেছে, ভোরে একদল দুর্বৃত্ত সাবস্টেশনের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে পেট্রোল ঢেলে সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টা করে তারা। এ সময় পল্লী বিদ্যুতের এক লাইনম্যান প্রতিদিনের মতো সকালে পাখিদের খাবার দিতে সেখানে যান। তার উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং দুর্বৃত্তদের ধাওয়া করেন। তবে তাদের আটক করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ ও তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

এ বিষয়ে তজুমদ্দিন পল্লী বিদ্যুতের এজিএম অসীম সরকার বলেন, সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তজুমদ্দিন থানার ওসি মিজানুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে এ ঘটনায় এজাহারভুক্ত মামলা করা হবে।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন জানান, বিদ্যুতের সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি তিনি শুনেছেন। সরকারি জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এ জন্য প্রত্যেক নৈশপ্রহরীকে রাতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্বৃত্তদের প্রতিহত করতে উপজেলার সব নাগরিকের সহযোগিতাও কামনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!