ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
চাটমোহরে বালুবাহী ট্রাকচাপায় নিহত ২, আহত ২
পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।
আহত দুজন হলেন নজরুল হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (৪০) ও আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কৃষিপণ্য নিয়ে চাটমোহর রেলবাজারের অমৃতকুণ্ডা হাটে যাওয়ার জন্য অটোভ্যান ভাড়া করেন কৃষক নজরুল হোসেনসহ কয়েকজন। ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে অটোভ্যানটির শ্যাফট ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানচালক আব্দুল মমিন ও যাত্রী নজরুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুজন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।